যশোরে দাম্পত্য জীবনের ব্যক্তিগত ছবি ছড়ানোর অভিযোগে স্বামী আটক

0

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : যশোরের এক নারীর দাম্পত্য জীবনের ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তার স্বামী রাসেল রানাকে আটক করেছে এসআরবি। মঙ্গলবার ভোরে বগুড়া সদর উপজেলার ভাদুনা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রাসেল রানা বগুড়ার নন্দীগ্রাম উপজেলার গোছন গ্রামের শরিফুল আখন্দের ছেলে। আটকের পর মঙ্গলবার বিকেলে তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, যশোর শহরের বকচর হুশতলা এলাকার এক নারী গত ২০ সেপ্টেম্বর তার স্বামী রাসেল রানার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, দাম্পত্য কলহের জেরে অভিযুক্ত স্বামী বিভিন্ন সময়ে ভুক্তভোগী নারীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। পরবর্তীতে তিনি বিদেশে চলে যান। সম্প্রতি দেশে ফিরে স্ত্রীকে তার সঙ্গে যাওয়ার জন্য চাপ দেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হলে সম্পর্কের অবনতি ঘটে।

অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে রাসেল রানা দাম্পত্য জীবনের ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এরই ধারাবাহিকতায় গত ১৬ সেপ্টেম্বর রাতে ভুক্তভোগী নারীর ইমো অ্যাকাউন্টে অন্য একটি আইডি থেকে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও পাঠানো হয়। এছাড়া তার টিকটক অ্যাকাউন্টের বিভিন্ন ভিডিওর মন্তব্য ঘরে আপত্তিকর স্ক্রিনশট প্রকাশ করা হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, মামলার অভিযোগগুলো তদন্তাধীন। তদন্ত শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই-বাছাই ও আদালতের সিদ্ধান্তের ভিত্তিতে ঘটনার বিষয়ে চূড়ান্ত আইনি অবস্থান নির্ধারিত হবে।