যশোরে দিগন্ত পরিবহনের বাসে ১৬৮ বোতল ফেয়ারডিল উদ্ধার, আটক ২

0

স্টাফ রিপোর্টার, লোকসমাজ :যশোরে মাদকবিরোধী অভিযান চালিয়ে দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে ১৬৮ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক সিরাপ ফেয়ারডিল উদ্ধার করেছে এসআরবি-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে যশোর সদর উপজেলার বাহাদুরপুর স্কুল মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন চৌগাছা উপজেলার সৈয়দপুর গ্রামের শহিদুল বিশ্বাসের ছেলে অলিয়ার বিশ্বাস এবং একই গ্রামের মহিউদ্দিনের ছেলে রাসেল হোসেন।

এসআরবি-৬ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাহাদুরপুর স্কুল মোড় এলাকায় বাবু এন্টারপ্রাইজের সামনে ঢাকা মেট্রো-ব-১৫-৬৯৬০ নম্বরের দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। বাসটি যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। তল্লাশির সময় বাসের বি-২ ও ডি-২ নম্বর আসনে থাকা দুই যাত্রীর কাছ থেকে ১৬৮ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়।

যশোরে দিগন্ত পরিবহনের বাসে ১৬৮ বোতল ফেয়ারডিল উদ্ধার
যশোরে দিগন্ত পরিবহনের বাসে ১৬৮ বোতল ফেয়ারডিল উদ্ধার- লোকসমাজ

অভিযান সংশ্লিষ্টরা জানান, আটক ব্যক্তিরা যশোর নিউমার্কেট এলাকা থেকে এসব মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে। এ সময় তাদের কাছ থেকে ১৬৮ বোতল ফেয়ারডিল ছাড়াও একটি স্মার্টফোন, দুটি বাটন মোবাইল ফোন এবং নগদ ৫ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।

এসআরবি-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাহাদুরপুর এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ১৬৮ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, ফেয়ারডিল একটি ভারতীয় উৎপাদিত কফ সিরাপ, যা মাদক হিসেবে অপব্যবহারের অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছে।