যশোরে নিজের চালানো ট্রলি খাদে পড়ে কৃষকের মৃত্যু

0

 চুড়ামনকাটি (যশোর) সংবাদদাতা, লোকসমাজ : যশোর সদর উপজেলার চুড়ামনকাটিতে নিজের চালানো ইঞ্জিনচালিত ট্রলি দুর্ঘটনায় হায়দার আলী (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

নিহত হায়দার আলী চুড়ামনকাটি ইউনিয়নের বাগডাঙ্গা বাবু বাজার সংলগ্ন এলাকার মৃত আব্দুর রাজ্জাকের বড় ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, কৃষিকাজের পাশাপাশি কৃষিপণ্য পরিবহনের জন্য একটি ইঞ্জিনচালিত ট্রলি কিনেছিলেন হায়দার আলী। তিনি নিজেই ট্রলিটি চালাতেন। মঙ্গলবার বিকেলে ট্রলি চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি পাশের খাদে পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্বজনরা তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে রাত ১০টার দিকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

হায়দার আলীর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের ভাষ্য, তিনি ছিলেন সংসারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি। এলাকাবাসীর কাছেও তিনি একজন শান্ত ও ভদ্র মানুষ হিসেবে পরিচিত ছিলেন।

এ ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।