ঝিনাইদহে শেখ হাসিনার নামে মামলা: দুই দিনের অভিযানে ছাত্রলীগ, যুবলীগ ও কৃষক লীগ নেতা সহ গ্রেপ্তার ৫

0
ঝিনাইদহের কোটচাঁদপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।। ছবি: সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহের কোটচাঁদপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২১ ও ২২ সেপ্টেম্বর পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন কোটচাঁদপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খান জিয়াদ বিন রাজি (২০), পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি লিটন (৪৩), উপজেলা আওয়ামী লীগের সদস্য মহিনুর বিশ্বাস ওরফে খোকন (৪২), পৌর যুবলীগের সদস্য সোহাগ (৩৪) এবং দোড়া ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি নাসিম আহম্মেদ সাকিল (৩০)।

পুলিশের দেওয়া তথ্যমতে অনুযায়ী, খান জিয়াদ বিন রাজি কোটচাঁদপুরের সলেমানপুর দাসপাড়া এলাকার বাসিন্দা। মো. লিটনের বাড়ি উপজেলার দুধসরায়।

অপরদিকে মহিনুর বিশ্বাস সলেমানপুর দাসপাড়া, সোহাগ সলেমানপুর তেঁতুলতলা পাড়া এবং নাসিম আহম্মেদ সাকিল শিবনগর বাঙালিপুর এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, কোটচাঁদপুর মডেল থানায় ২১ সেপ্টেম্বর মামলা নম্বর-১৬ এবং জিআর নম্বর-১১৮/২৬ হিসেবে মামলাটি দায়ের করা হয়। এতে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৭/৮/৯/১০/১১/১২/১৩ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলায় শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে।

মামলার এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তারে গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর মডেল থানার বিশেষ দল অভিযান চালায়। ২১ সেপ্টেম্বর খান জিয়াদ বিন রাজি ও লিটনকে এবং ২২ সেপ্টেম্বর মহিনুর বিশ্বাস, সোহাগ ও নাসিম আহম্মেদ সাকিলকে গ্রেপ্তার করা হয়।

কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার পাঁচজনের পিসিপিআর যাচাই করা হয়েছে। তাদের নামে আগের কোনো বিরূপ তথ্য পাওয়া যায়নি বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহারে শেখ হাসিনার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এবং মামলার অন্যান্য আসামিদের বিষয়ে বিস্তারিত তথ্য পুলিশের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।