প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেছে আহ্বায়ক কমিটি। মঙ্গলবার বিকেলে প্রেসক্লাবের নিচতলার কনফারেন্স রুমে আয়োজিত যৌথসভায় এ দায়িত্ব হস্তান্তর করা হয়।

সভায় আহ্বায়ক কমিটির সদস্য সচিব বিনয়কৃষ্ণ মল্লিক আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সাধারণ সম্পাদক নূর ইসলামের কাছে দায়িত্ব বুঝিয়ে দেন। এ সময় নবনির্বাচিত সভাপতি জাহিদ হাসান টুকুনসহ নতুন কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

বিদায়ী আহ্বায়ক কমিটির সদস্য সচিব বিনয়কৃষ্ণ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথসভায় উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য আহসান কবির, আনোয়ারুল কবির নান্টু, এম. আইউব, সরোয়ার হোসেন, জাহিদ আহমেদ লিটন ও আকরামুজ্জামান। নতুন কমিটিতে আনোয়ারুল কবির নান্টু সহসভাপতি, সরোয়ার হোসেন যুগ্ম সম্পাদক এবং জাহিদ আহমেদ লিটন কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন।

সভায় নবনির্বাচিত সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক নূর ইসলাম ছাড়াও বিদায়ী আহ্বায়ক কমিটির সদস্য সচিব বিনয়কৃষ্ণ মল্লিক এবং সদস্য আহসান কবির ও এম. আইউব শুভেচ্ছা বক্তব্য দেন।

বক্তারা বলেন, প্রেসক্লাব যশোরের ঐতিহ্য, মর্যাদা ও পেশাগত স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাংবাদিকদের কল্যাণ, ক্লাবের উন্নয়ন এবং সদস্যদের প্রত্যাশা পূরণে নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা। একই সঙ্গে ক্লাবের স্বার্থে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

দায়িত্ব হস্তান্তর শেষে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় নতুন কমিটির আগামী দুই বছরের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ক্লাবের সার্বিক উন্নয়ন, সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং সদস্যদের বিভিন্ন প্রত্যাশা ও সমস্যা নিয়ে সভায় মতবিনিময় করা হয়।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক নূর ইসলামের সঞ্চালনায় কার্যনির্বাহী কমিটির সভায় কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।