শিপ্রার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবিতে যশোরে শিক্ষার্থীদের মানববন্ধন

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোরের চাঁচড়া ভাতুড়িয়ায় শিক্ষার্থী শিপ্রার রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদঘাটন এবং দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে চাঁচড়া ভাতুড়িয়া হাই স্কুল ও চাঁচড়া স্কুল অ্যান্ড কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থী এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা শিপ্রার মৃত্যুর ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দাবি করেন। তারা বলেন, শিপ্রার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে নিরপেক্ষ ও দ্রুত তদন্ত প্রয়োজন। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা হাতে বিভিন্ন দাবি-সংবলিত প্ল্যাকার্ড নিয়ে শিপ্রার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান। এ সময় তারা ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সব বিষয় গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার আহ্বান জানান।

মানববন্ধনে শিক্ষার্থীরা প্রধান অভিযুক্ত হিসেবে অপার গোবিন্দ দাসের নাম উল্লেখ করেন। তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য তদন্ত সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানান তারা।

শিক্ষার্থীরা বলেন, শিপ্রার মৃত্যুর ঘটনা নিয়ে পরিবার, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। তাই তদন্তে কোনো ধরনের প্রভাব, গাফিলতি বা দীর্ঘসূত্রতা যেন না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে। দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত ঘটনা জনসম্মুখে তুলে ধরারও দাবি জানান তারা।

তারা আরও বলেন, একটি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি। তদন্তের মাধ্যমে যদি কারও বিরুদ্ধে অপরাধের অভিযোগ প্রমাণিত হয়, তাহলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

ছবি: লোকসমাজ।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ভাষ্য, শিপ্রার মৃত্যুর ঘটনাটি শুধু তার পরিবারের জন্য নয়, সহপাঠীদের কাছেও গভীর উদ্বেগের বিষয়। এ কারণে ঘটনার সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত তারা বিষয়টির প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে যাবেন বলে জানান।

শিপ্রার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এর আগেও তার পরিবার ও সহপাঠীদের পক্ষ থেকে হত্যার অভিযোগ তুলে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানানো হয়েছে। এ নিয়ে এলাকায় এখনো চাঞ্চল্য বিরাজ করছে। শিক্ষার্থীদের এই মানববন্ধনের মধ্য দিয়ে শিপ্রার মৃত্যুর রহস্য উদঘাটন ও বিচারের দাবিটি আবারও সামনে এলো।