যশোর-২ ও ৪ আসনে নতুন প্রার্থী মনোনয়নে আ.লীগের আনন্দ মিছিল

0

ঝিকরগাছা ও বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা॥ আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়েছেন যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা) ও যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের বর্তমান সংসদ সদস্যরা। দলীয় মনোনয়নপত্র পাননি বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রণজিৎ কুমার রায়। তার স্থলে পেয়েছেন অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল। ঝিকরগাছার সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিনের পরিবর্তে মনোনয়ন পেয়েছেন ডা. তৌহিদুজ্জামান তুহিন। জানা গেছে তিনি দলটির কোন পদে নেই, তবে সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের জামাতা।
এদিকে ডা. তৌহিদুজ্জামান তুহিনকে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মনোনীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে ঝিকরগাছায় আনন্দ মিছিল হয়েছে। রোববার বিকেল ৫টায় উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম ও জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম বাপ্পির নেতৃত্বে মিছিল বের হয়। মিছিলটি ঝিকরগাছা হাসপাতাল মোড় থেকে শুরু হয়ে মহাসড়কের ঝিকরগাছা বাজার ও পারবাজার থানামোড় হয়ে ঘুরে উপজেলা মোড়ে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রমজান শরীফ বাদশা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা আব্দুল বারিক, কাউন্সিলর নজরুল ইসলাম, আরিফ হোসেন, সাজ্জাদুজ্জামান রনি, আব্দুল আলীম গাজী, একরামুল হক খোকন, তারিকুজ্জামান তারেক, আমিনুর রহমান রাজা, জেসমিন সুলাতানা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা তাঁতীঁলীগের আহ্বায়ক আলমগীর হোসেন, মৎস্যজীবী লীগের সদস্য সচিব রফিকুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌফিক আলম কৌশিকসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন নেতৃবৃন্দ।
এদিকে যশোর-৪ আসনে এনামুল হক বাবুলের নাম ঘোষণার পর বাঘারপাড়া -অভয়নগর উপজেলা ও বসুন্দিয়া এলাকায় তার সমর্থিত নেতা-কর্মী ও সমর্থকরা উল্লাস করেন। বাঘারপাড়ায় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্লার নেতৃত্বে আনন্দ মিছিল হয়েছে।
এনামুল হক বাবুলের বাবা মোকছেদ আলী ফারাজী ১৯৬৯ সাল থেকে টানা ২০০৩ সাল পর্যন্ত অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মানসে যশোর-৪ আসন থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন,অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাবুল ফারাজীসহ বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য রণজিৎ কুমার রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান প্রযুক্তি বিযয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার এফএম আশরাফুল কবির বিপুল ফারাজী, যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী, সাবেক হুইপ ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ আব্দুল ওহাব, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার সাবেক চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, বিশিষ্ট চিকিৎসক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি শাহ ফরিদ জাহাঙ্গীর, কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপ-কমিটির সদস্য আলমগীর হাসান রাজীব, বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সোলোয়মান হোসেন বিশ্বাস, জেলা আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ,অভয়নগর উপজেলা শ্রমিকলীগ নেতে রবিন অধিকারী ব্যাচা ও জনৈক মাহমুদা জামান।