বাঘারপাড়ার মীম পেলেন খুবির ‘ডিনস অ্যাওয়ার্ড’

0
ছবি: সংগৃহীত।

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা॥ বাঘারপাড়ার মেধাবী শিক্ষার্থী মীম খাতুন খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) থেকে সম্মানজনক ‘ডিন’স অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগ থেকে অনার্সে প্রথম স্থান অধিকার করায় তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে। মীম উপজেলার দোহাকুলা ইউনিয়নের চেচুয়াখোলা গ্রামের বাসিন্দা।

মীম খাতুনের বাবা মাছুদ হোসেন যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত এবং মা শুকরিয়া খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

পারিবারিক সূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই মেধার স্বাক্ষর রেখে চলেছেন মীম। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বৃত্তি অর্জন এবং জিপিএ-৫ পাওয়ার পাশাপাশি শিক্ষাজীবনের প্রতিটি ধাপে কৃতিত্বের পরিচয় দিয়েছেন তিনি।

বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি তিনি টিচিং এসিস্ট্যান্ট (টিএ) ও রিসার্স এসিস্ট্যান্ট (আরএ) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

গত ১১ নভেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স স্কুল আয়োজিত ‘ডিন’স অ্যাওয়ার্ড অ্যান্ড অ্যাকাডেমিক একসিলেন্স ২০২৫’ অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।মেয়ের সাফল্যে আনন্দ প্রকাশ করে বাবা মাসুদ হোসেন বলেন, মেয়ের এ অর্জন শুধু পরিবারের গর্ব নয়, বাঘারপাড়া তথা যশোরবাসীর জন্যও আনন্দ ও অনুপ্রেরণার বিষয়।

মীমের মা শুকরিয়া খাতুন বলেন, মেয়ের সাফল্যের পেছনে তার নিজের পরিশ্রমের পাশাপাশি পরিবারের ভালোবাসা, ত্যাগ, দোয়া ও অনুপ্রেরণা রয়েছে। তিনি চান, মীম একজন সৎ, আদর্শবান ও মানবিক মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হোক।

খুলনা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে অধ্যায়নরত মীম খাতুন জানান, এ অর্জন তাকে ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে।