চৌগাছায় চাষিদের কাছে লাভজনক হয়ে উঠেছে কচুচাষ, বাড়ছে চাষের পরিধি

0
ছবি: মুকুরুল ইসলাম মিন্টু, চৌগাছা (যশোর) সংবাদদাতা।

মুকুরুল ইসলাম মিন্টু, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় শীতের আগমনে প্রান্তিক কৃষকরা নানা ধরনের চাষাবাদে এখন ব্যস্ত সময় পার করছেন। তাদের চাষের সবজির মধ্যে অন্যতম একটি সবজি হচ্ছে তেলাকচুর চাষ (সারোকচু)।

উপজেলার বেশ কিছু এলাকাতে বিঘার পর বিঘা জমিতে এই কচুর চাষ শুরু করেছেন চাষিরা। তবে ফসল উৎপাদনে সব থেকে বড় বাধা হচ্ছে রাসায়নিক সার। ডিলার প্রথা বাতিল করে সার খোলা বাজারে বিক্রির দাবি জানিয়েছেন চাষিরা।

স্থানীয়রা জানান, কৃষকরা কৃষিতে নতুন নতুন উদ্ভাবন সৃষ্টি করে যেমন নিজেরা লাভবান হচ্ছেন তেমনি দেশও অর্থনৈতিক ভাবে এগিয়ে যাচ্ছে।

শুক্রবার উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের বেশ কিছু মাঠ ঘুরে দেখা গেছে, তেলাকচুর চাষে কৃষক ব্যস্ত হয়ে পড়েছেন। বর্তমান মৌসুমে মাঠের পর মাঠ চাষ হয় তেলাকচু। ৩ মাসের এই ফসলে কৃষক ব্যাপক লাভবান হন। গত কয়েক বছর আগেও বলাচলে শখের বশত তেলাকচুর চাষ হলেও বর্তমানে তা বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। কোন প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে এক বিঘা (৩৩ শতক) জমিতে কৃষকের ৫৫ থেকে ৬০ মণ কচু হয়। বাজারদর ভালো থাকলে ২৫শ থেকে ৩ হাজার টাকা মণ কচু বিক্রি হয়। চৌগাছা পৌর এলাকার বেলেমাঠ ও স্বরুপদাহ ইউনিয়নের বাঘারদাড়ি মাঠে গিয়ে দেখা গেছে, এক একটি জমিতে ৫ থেকে ৬ জন করে কৃষক কচু লাগানোর কাজ করছেন।

এ সময় কথা হয় বেলেমাঠ গ্রামের মৃত আমিন উদ্দিন বিশ্বাসের ছেলে কবির উদ্দিনের সাথে। তিনি বলেন, কচু চাষ এ জনপদের কৃষকের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অন্য ফসলের মতই কচুুর চাষে কৃষককে শ্রম দিতে হয় তবে কচুতে লাভ বেশি। সারোকচু বা তেলাকচু যেটিই বলি না কেন এই কচু মূলত বেলে দোঁয়াশ মাটিতে চাষ বেশি ভালো হয়। শীতের আগমনে আমরা জমি প্রস্তুত শুরু করি।

তিনি বলেন, এ বছর প্রায় দেড় বিঘা জমিতে তিনি কচুর চাষ করছেন। দেড় বিঘা জমির জন্য ২ হাজার টাকা মণ দরে ৬ মণ বীজ কিনেছেন। এরপর জমি প্রস্তুত ও বীজ লাগানো থেকে শুরু হচ্ছে খরচ। চারা বের হলে মাটির গুণাগুণ বুঝে সেচ ও সার প্রয়োগ করতে হবে এবং আগাছা মুক্ত রাখতে বেশ কয়েকটি নিড়ানি দিতে হবে। বাংলা বছরের জৈষ্ঠ্য মাসে কচু উঠানো শুরু হবে। আমাদের এলাকায় উৎপাদিত কচু রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলাতে যায়।

কৃষক কবির উদ্দিন বলেন, বর্তমানে সার হচ্ছে অন্যতম সমস্যা। আমার ১০ কেজি সার কিনতে হবে এরজন্য কাজ বন্ধ করে ডিলারের দোকানের সামনে লাইনে দাঁড়াতে হচ্ছে, এটি কষ্টের। ডিলার প্রথা বাতিল করে সার খোলা বাজারে বিক্রি করলে কৃষক বেশি লাভবান হবেন। ওই মাঠে কৃষক কবির উদ্দিনের মত রিপন হোসেন ১০ কাঠা, তরিকুল ইসলাম ১ বিঘা,সাইদুল ইসলাম ১ বিঘা, আশিকুর রহমান দেড় বিঘা, আজগার আলী ১ বিঘা, বিল্লাল হোসেন দেড় বিঘা জমিতে কচুুর চাষ করেছেন এবং বহু কৃষক আগামী এক সপ্তাহের মধ্যে কচু লাগানোর কাজ শেষ করবেন।

তবে মাঠের পর মাঠ কাজ করা চাষিদের একটিই দাবি সরকার সারের ব্যাপারে বিকল্প সিদ্ধান্ত গ্রহণ করলে কৃষক বাঁচবে। ডিলার প্রথা চালু থাকায় কৃষককে বাড়তি সময় পার করতে হচ্ছে এর প্রভাব পড়ছে মাঠের কাজে।

চৌগাছা বাজারের ক্ষুদ্র সবজি ব্যবসায়ী বিনয় কুমার সাহা বলেন, মৌসুমি সবজি কচুর ব্যাপক চাহিদা। যখন কচু উঠা শুরু করবে তখন এর খুচরা বিক্রিও বেড়ে যায়। এক কেজি কচু ১শ থেকে ১২০ টাকায় বিক্রি হয়।

আড়ৎ ব্যবসায়ী বিএম আইনাল হোসেন, কবির উদ্দিন বাবলু বলেন, কচু ব্যাপক পরিচিত একটি সবজি, দিনদিন এর চাহিদা বেড়েই চলেছে। মৌসুম শুরু হলে বিভিন্ন জেলার সবজি ব্যাপারীরা চৌগাছায় এসে অন্য কোন সবজি না কিনলেও কচু তারা কিনবেই। যে কারণে কচুর দাম ভালো থাকে কৃষকও লাভবান হন।

উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন বলেন, শীতের অন্যতম একটি সবজি হচ্ছে সারোকচু। লাভজনক সবজি হওয়ার কারণে এর চাষাবাদ বাড়ছে। বীজ লাাগনো থেকে শুরু করে কচু উঠানো পর্যন্ত উপ-সহকারী কৃষি অফিসারা সর্বদা কৃষককে পরামর্শ প্রদান করেন যাতে করে কৃষক কোন ভাবেই ক্ষতির সম্মুখীন না হয়।