মনিরামপুরে বেপরোয়া গতির মোটরসাইকেলে প্রাণ গেল সাবেক ইউপি সদস্যের, আটক ৩

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর)॥ মনিরামপুরে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে পেছন থেকে বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন সাবেক ইউপি সদস্য সুরোত আলী(৪৮)।

এ সময় এলাকাবাসী বেপরোয়া গতিতে চালানোর অভিযোগে অপর মোটরসাইকেলে থাকা তিনজনকে আটক করে। পরে পুলিশ তাদেরকে হেফাজতে নিযে মরদেহটি উদ্ধার করে। শুক্রবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে উপজেলার শাহপুর মোড়ে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মশ্বিমনগর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সুরোত আলী মোড়ল শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে শাহপুর মোড়ে আসেন। এ সময় সুরোত আলী সিরাজুল ইসলামের সারের দোকানের সামনে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন।

প্রত্যক্ষদর্শী মুস্তাফিজুর রহমান ও সিরাজুল ইসলাম জানান, পেছন থেকে বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে সুরোত আলী রাস্তার পাশে ছিটকে পড়েন। ফলে ঘটনাস্থলেই সুরোত আলী মোড়লের মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা ওই মোটরসাইকেলে থাকা তিনজনকে আটক করে।

খবর পেয়ে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করে।

থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ জানান, উদ্ধার তিনজন পুলিশ হেফাজতে রয়েছে। এরা হলো, কেশবপুর উপজেলার কড়িয়াখালি গ্রামের হাফিজুর রহমানের ছেলে নিরব হোসেন(১৫) ও রমজান আলী গাজীর ছেলে আকাশ হোসেন(১৫) ও কোমরপোল গ্রামের মাহবুবুর রহমানের ছেলে সুইট হোসেন(১৭)।