নুসরাত তাবাসসুম বললেন, ‘আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব’

0
কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোলবোমা হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বসতঘরের বড় অংশ পুড়ে গেছে।। ফাইল ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে পেট্রোলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে এই ঘটনা ঘটে।

এনসিপি নেতাদের অভিযোগ, পেট্রোলবোমা নিক্ষেপ করে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনার বিষয়ে বুধবার দিবাগত রাত ১টায় নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে নুসরাত তাবাসসুম জানান, তাঁর বাড়িতে পেট্রোলবোমা মারা হয়েছে এবং কারা এই হামলা করেছে তা তিনি জানেন না।

তবে কণ্ঠ রোধ করা যাবে ভেবে থাকলে তা ভুল বলে উল্লেখ করে তিনি লিখেছেন, ‘আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’

আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৫০ মিনিটে দেওয়া আরেকটি ফেসবুক পোস্টে নুসরাত উল্লেখ করেন, তাঁর দাদার তৈরি করা বাড়িঘর ও তাঁদের বড় হওয়ার স্থান পুড়ে ছাই হয়ে গেছে এবং আগুনে দুটি ছাগলের বাচ্চাও পুড়ে মারা গেছে।

তিনি আরও লেখেন, যারা আগুনে পুড়িয়ে উল্লাস করছে এবং ভেবেছে খুব কষ্ট দিয়েছে, তারা লেজ গুটিয়ে পালানো ছারপোকার দল। দেশে থেকেই তাঁদের কেউ ভয় দেখাতে পারেনি এবং এসব করে কিছু হবে না।

এদিকে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এই সময়ের মধ্যে একতলা টিনশেড বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি কক্ষ পুড়ে গেছে এবং দুটি ছাগল পুড়ে মারা যাওয়ায় ঘটনা ঘটেছে।