চুড়ামনকাটি প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতা অধ্যাপক সাঈদের মতবিনিময়

0

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চুড়ামনকাটি প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রত্যাশী অধ্যাপক আবু সাঈদ।

বুধবার সন্ধ্যায় চুড়ামনকাটি প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় অধ্যাপক আবু সাঈদ বলেন, “ছাত্রজীবন থেকেই আমি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী হিসেবে ইতোমধ্যে আবেদন ফরম জমা দিয়েছি। দল আমাকে মনোনয়ন দিলে নির্বাচনে অংশ নেব। এ ক্ষেত্রে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ কামনা করছি।”

তিনি আরও বলেন, “দলীয় মনোনয়ন পাওয়া না-পাওয়ার বিষয়টি সম্পূর্ণ দলের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। দল আমাকে মনোনয়ন না দিলেও দলের সিদ্ধান্তকে সম্মান জানাব। দল যাঁকে মনোনয়ন দেবে, তাঁর পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইসহাক আলী, ইউনিয়ন বিএনপির সাবেক উপদেষ্টা রুস্তম হোসেন, বিএনপি নেতা দস্তক মোড়ল, ইউসুফ আলী ও সিরাজ হোসেন, ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সেলিম রানা, যুবনেতা নাজমুল হাসান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।