সীমান্ত অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা কামনা মহেশপুর বিজিবির

0
ছবি: সংগৃহীত।

জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা॥ সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধ ও সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেছেন মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ অভিব্যক্তি ব্যক্ত করা হয়।

শুক্রবার সকালে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সদর দপ্তরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বিজিবির কুষ্টিয়া সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল ইফতেখার হোসেন।

উপস্থিত ছিলেন মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াসীন হাবীব হাসান, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান ও ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট সহকারী পরিচালক শাকিবুর রহমান।

মতবিনিময় সভায় সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা জোরদার, মাদকদ্রব্য ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধ, মানবপাচার ও সীমান্তকেন্দ্রিক বিভিন্ন অপরাধ দমনে বিজিবির কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

এ সময় সীমান্ত এলাকায় কোনো ধরনের অপরাধ, অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান কিংবা মাদক পাচারের ঘটনা ঘটলে দ্রুত বিজিবিকে অবহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সেক্টর কমান্ডার ইফতেখার হোসেন বলেন, সীমান্ত সুরক্ষা শুধু বিজিবির একার দায়িত্ব নয়, এ ক্ষেত্রে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সীমান্তের প্রকৃত চিত্র তুলে ধরা ও অপরাধ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।