যশোর শহরে রাতে একাধিক স্থানে বোমাবাজি

0

স্টাফ রিপোর্টার॥ যশোর শহরের চোপদারপাড়ায় শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেলস্টেশন মাদ্রাসা রোড জেল রোডে বোমার বিস্ফোরণ ঘটেছে। শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে তিনটি, রেলস্টেশন মাদ্রাসা রোডে তিনটি ও বিএড কলেজের সামনে একাধিক বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। স্থানগুলো পরিদর্শন করেছে পুলিশ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের একটি দল।
কোতয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানিয়েছেন,‘বোমার বিস্ফোরণের শব্দ শুনে ঘটনাস্থলে যাওয়া হয়। সাথে একজন ম্যাজিস্ট্রেট ছিলেন। পরীক্ষা করে দেখা গেছে সেগুলো বোমা না। ভারতীয় বাজি। বিস্ফোরিত বাজির কাগজ উদ্ধার করা হয়েছে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আগামীকাল (রোববার) ভোট। ভয় দেখানোর জন্য কেউ হয়তো এই কাজ করতে পারে। তবে পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে।’
ওই এলাকার একটি সূত্র জানিয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে রাত পৌনে ৭টার দিকে পরপর তিনটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এরপর রেলস্টেশন মাদ্রাসা রোডে সাড়ে ৭টার দিকে আরও দুটি এবং এর কিছু সময় পর আরও একটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে বিকট শব্দ হয়।