ঝিনাইদহে আটক ১ ট্রাক সার নিয়ে তুঘলকি কাণ্ড! বৈধ কাগজ দেখাতে মালিককে ৭ দিন সময়

অবৈধ সার পরিবহনের অভিযোগ,চালান দেখাতে না পারলেও সারের মালিককে বৈধ কাগজপত্র জমা দিতে সাত দিনের সময়

0

ঝিনাইদহ সংবাদদাতা, লোকসমাজ ॥ ঝিনাইদহে জনতার হাতে আটক অবৈধ সারবোঝাই একটি ট্রাক প্রশাসনের হেফাজতে নেওয়ার পর সারের বৈধ কাগজপত্র দেখাতে মালিককে সাত দিনের সময় দিয়েছে সদর উপজেলা প্রশাসন। আটকের সময় স্থানীয়দের সামনে ট্রাকচালক সারের কোনো বৈধ চালান বা পরিবহনসংক্রান্ত কাগজপত্র দেখাতে পারেননি। পরে ট্রাক ও সারের মালিক শোভন মিয়া স্থানীয়দের কাছে অবৈধভাবে সার সরবরাহের কথা স্বীকার করেন। ভবিষ্যতে এমন কাজ করবেন না বলেও প্রতিশ্রুতি দেন। তবে কথা বলার পরপরই স্থানীয়দের ভিড়ের মধ্যে সুযোগ বুঝে পালিয়ে যান তিনি।

এমন পরিস্থিতিতেও সারের বৈধ কাগজপত্র জমা দিতে মালিককে সাত দিনের সময় দেওয়ায় প্রশাসনের সিদ্ধান্ত নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন ও ক্ষোভ দেখা দিয়েছে।

গত মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ক্যাডেট কলেজ এলাকায় ট্রাকটি আটক করা হয়। রাজবাড়ী-ট-১১-০১৪১ নম্বরের ট্রাকটিতে যশোরের নওয়াপাড়া থেকে কুষ্টিয়ায় নেওয়ার জন্য ৪২০ বস্তা টিএসপি সার বোঝাই করা হয়েছিল। স্থানীয়দের সন্দেহ হলে তাঁরা ট্রাকটি থামিয়ে চালকের কাছে পরিবহনসংক্রান্ত কাগজপত্র দেখতে চান। কিন্তু চালক কোনো মেমো বা বৈধ চালান দেখাতে পারেননি। একপর্যায়ে চালক ও তাঁর সহকারী পালিয়ে যান।

প্রত্যক্ষদর্শী সাজ্জাদুল ইসলাম জানান, ট্রাক আটকের পর জেলা প্রশাসক, পুলিশ ও কৃষি বিভাগকে খবর দেওয়া হয়। কিন্তু ঘটনাস্থল শহরের মধ্যে হলেও প্রশাসনের প্রতিনিধিরা পৌঁছাতে প্রায় দুই ঘণ্টা সময় নেন। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। রাত ১১টা পর্যন্ত ট্রাকটি শহরের আরাপপুর এলাকায় গোয়েন্দা সদস্যদের হেফাজতে ছিল। পরে সেটি ঝিনাইদহ সদর থানায় নেওয়া হয়।

ঘটনাস্থলে উপস্থিত জেলা যুবদল নেতা সাজ্জাদুল হক মিলন বলেন, স্থানীয়রা সার পাচারের গোপন সংবাদ পেয়ে ক্যাডেট কলেজের সামনে ট্রাকটি আটক করে তাঁদের খবর দেন। ঘটনাস্থলে গিয়ে চালকের কাছে সারের কাগজপত্র চাওয়া হলেও তিনি তা দেখাতে পারেননি। ট্রাকে ৪২০ বস্তা টিএসপি সার ছিল। ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাজেদুল হকসহ তাঁরা সদর থানার ওসি ও পুলিশ সুপারকে বিষয়টি জানান। এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

এদিকে ট্রাক ও সারের মালিক শোভন মিয়া স্থানীয়দের কাছে অবৈধভাবে সার সরবরাহের বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, অবৈধ সার সরবরাহ করা তাঁর চরম ভুল হয়েছে। সারগুলো নওয়াপাড়ার মেঘালয় ঘাট থেকে তাঁর ব্যবসায়িক অংশীদার সৌরভ নামে এক ব্যক্তি লোড করে পাঠিয়েছেন। ভবিষ্যতে আর এমন অপরাধ করবেন না বলেও প্রতিশ্রুতি দেন তিনি। তবে এ কথা বলার পর স্থানীয়দের ভিড়ের মধ্যে সুযোগ বুঝে পালিয়ে যান শোভন।

শোভন মিয়ার দাবি, তাঁর ব্যবসায়িক অংশীদার সৌরভ নামে এক ব্যক্তি সারগুলো লোড করে পাঠিয়েছেন।

মালিকের এমন বক্তব্যের পরও তাঁকে বৈধ কাগজপত্র জমা দেওয়ার জন্য সাত দিনের সময় দেওয়ায় প্রশাসনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকার বলেন, সারসহ ট্রাকটি সদর থানায় রাখা হয়েছে। সারের মালিককে বৈধ কাগজপত্র সরবরাহের জন্য সাত দিন সময় দেওয়া হয়েছে। পরবর্তীতে বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. কামরুজ্জামান বলেন, স্থানীয় লোকজন সারবোঝাই ট্রাকটি আটক করে পুলিশে দিয়েছেন। ঘটনার পর কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সারের কাগজপত্র না থাকায় তা সরকারি হেফাজতে নেওয়া হয়েছে।

অবৈধ সার আটকের পর মালিককে বৈধ কাগজপত্র সরবরাহের সময় দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তাঁকে কেন জিজ্ঞেস করা হচ্ছে; এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর কৃষি কর্মকর্তা বলতে পারবেন। পরে এ বিষয়ে কথা বলতে অনিচ্ছা প্রকাশ করে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।

এর আগে গত সোমবার (৯ নভেম্বর) ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটী ইউনিয়নের ডুগডুগি বাজারে দুটি ট্রাকে অবৈধভাবে সার মজুতের অভিযোগ ওঠে।

স্থানীয়রা বিষয়টি উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগকে জানালেও তাৎক্ষণিক কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিধি পাঠানো হলেও তাঁরা কোনো ব্যবস্থা না নিয়েই ফিরে যান বলে স্থানীয়দের দাবি। পরে রাত ১০টার দিকে মজুত করা সার গোপনে ভ্যানে করে সরিয়ে নেওয়ার সময় স্থানীয়রা তা আটক করেন।

জেলায় পরপর সার মজুত ও পরিবহনের এমন ঘটনায় সার বিপণন ব্যবস্থার তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, সার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় অসাধু ব্যবসায়ীরা অবৈধ মজুত ও পরিবহনের সুযোগ পাচ্ছেন। এতে সরবরাহ স্বাভাবিক থাকার পরও প্রকৃত কৃষকরা প্রয়োজনীয় সার থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে ফসলের আশানুরূপ ফলন নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন প্রান্তিক কৃষকরা।