কালিয়াকৈরে শ্রমিকদের বিক্ষোভে বন্ধ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

0
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।। ছবি: সংগৃহীত

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে আবারও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কাজে যোগ না দিয়ে মৌচাক এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন কয়েকটি কারখানার শ্রমিকেরা।

এই অবরোধের ফলে গুরুত্বপূর্ণ এই মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন এবং তাঁদের অনেকেরই হেঁটে কর্মস্থলে যাতায়াত করতে দেখা যায়।

জানা গেছে, এদিন সকালে শ্রমিকেরা কারখানায় পৌঁছালেও কাজে যোগ না দিয়ে বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে সংশ্লিষ্ট কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয়। এর পরই শ্রমিকেরা দলবদ্ধভাবে মহাসড়কে অবস্থান নেন।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে এবং পুলিশ শ্রমিকদের বুঝিয়ে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।