আলোচিত ‘কবিরাজ’ কবির প্রতারণার মামলায় আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা মল্লিকপাড়ার ননী ফল নার্সারির মালিক আলোচিত ভুয়া কবিরাজ খন্দকার কবির হোসেন ওরফে কবিরকে আটক করেছে পুলিশ। তার অপচিকিৎসায় প্রতারিত কুষ্টিয়ার এক ব্যক্তির দায়ের করা প্রতারণার মামলায় গত শনিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। সাজিয়ালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সেলিম হোসেন সাংবাদিকদের জানান, কুষ্টিয়ার সরকারি একটি দফতরে অফিস সহকারী পদে কর্মরত তানজিল নামে এক ব্যক্তি খন্দকার কবির হোসেনের কাছে চিকিৎসা নিয়ে প্রতারিত হয়েছেন। এর প্রেক্ষিতে ওই ব্যক্তি গত ১ জানুয়ারি খন্দকার কবির হোসেনের বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় একটি প্রতারণার মামলা করেন। এই মামলায় ছাতিয়ানতলা মল্লিকপাড়ার নিজ বাড়ি থেকে আসামি খন্দকার কবির হোসেনকে আটক করেন তিনি। উল্লেখ্য, গত বছরের ১৭ মে ভ্রাম্যমাণ আদালত ভুয়া কবিরাজ খন্দকার কবির হোসেনের আস্তানায় অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ সময় তাকে ক্যান্সার ও যৌন রোগের চিকিৎসায় প্রতারণা এবং অবৈধভাবে ওষুধ তৈরির অপরাধে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছিলেন ভ্রাম্যমাণ আদালত।