ডিবি পুলিশের দুই অভিযানে ১৭ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ৪

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোরে গত মঙ্গলবার ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের কয়েক ঘন্টা পরই আরও সাড়ে ১১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ডিবি পুলিশ। রাত ১০টার দিকে শহরের বারান্দীপাড়ায় আলাদা অভিযান চালিয়ে এই সাড়ে ১১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ সময় দুই জনকে আটক করা হয়েছে।

এর আগে সন্ধ্যায় যশোর-নড়াইল সড়কের হামিদপুরে একটি প্রাইভেটকারের থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ডিবি। এ ঘটনায় চালক ও ইয়াবা ট্যাবলেট ব্যবসায়ীকে আটক করা হয়।

রাতে বারান্দীপাড়া থেকে আটকরা হলেন, পূর্ব বারান্দীপাড়া লিচুতলা এলাকার সৈয়দ আজফার হোসেনের ছেলে ইমতিয়াজ আহমেদ হৃদয় (৩০) পশ্চিম বারান্দীপাড়া খালধার রোড নিকারীপাড়ার মৃত আব্দুল হামিদের ছেলে ফারুক হোসেন রানা (২৭)।

ডিবি পুলিশের ওসি মো. মামুনুর রশিদ জানান, গত মঙ্গলবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের এসআই আব্দুল্লাহ আল আজাদ প্রথমে পশ্চিম বারান্দীপাড়া খালধার রোড এলাকায় অভিযান চালান।

এ সময় সেখান থেকে দেড়শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফারুক হোসেন রানাকে আটক করেন। পরে তার দেওয়া তথ্যের পূর্ব বারান্দীপাড়া লিচুতলা এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ইমতিয়াজ আহমেদ হৃদয়কে আটক করেন।

এ সময় তার হেফাজত থেকে আরও ১১ হাজার ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।