মোবাইল কোর্টের কার্যকারিতা বাড়াতে নতুন পরিপত্র জারি

0
মোবাইল কোর্টের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রতিটি অভিযান ভিডিও ধারণসহ ছয়টি নতুন নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।। ছবি: সংগৃহীত

মোবাইল কোর্টের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গত ২ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি পরিবীক্ষণ শাখা থেকে এই নির্দেশনা জারি করা হয়।

এর আগে গত ৪ অক্টোবর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মোবাইল কোর্টের সক্ষমতা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত বাস্তবায়নে ছয়টি নতুন নির্দেশনা অন্তর্ভুক্ত করে এই পরিপত্র জারি করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব নাজমা সিদ্দিকা বেগম স্বাক্ষরিত এই নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হয়েছে।

নতুন পরিপত্র অনুযায়ী, এখন থেকে প্রতিটি মোবাইল কোর্ট অভিযান ভিডিওতে ধারণ করতে হবে। ধারণকৃত এই ফুটেজ মামলার নম্বর ও তারিখ উল্লেখ করে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি (জে.এম) শাখা এবং সংশ্লিষ্ট সংস্থায় সংরক্ষণ করতে হবে এবং এর অনুলিপি মিডিয়া সেলে পাঠাতে হবে।

কোনো আদেশের বিরুদ্ধে আপিল হলে প্রয়োজন অনুসারে আদালতে এসব দৃশ্য প্রমাণ হিসেবে দাখিল করা যাবে। পাশাপাশি জব্দ করা পণ্যের হিসাব ও নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করতে হবে, যার জন্য জেলা প্রশাসকের কার্যালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিরাপদ স্থান নির্ধারণ করবে এবং নির্দিষ্ট ব্যক্তিরা তা তদারকি করবেন।

সহকারী কমিশনারের স্বাক্ষরের পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে মাসে অন্তত একবার সরেজমিনে সেগুলো পরীক্ষা করে সত্যায়ন করতে হবে এবং দ্রুত নষ্ট হয় এমন পণ্য প্রচলিত নিয়মে নিষ্পত্তি করতে হবে।

এছাড়া আপিল মামলা পরিচালনায় সরকারের পক্ষে লড়তে জেলা ম্যাজিস্ট্রেটরা পিপি, অতিরিক্ত পিপি ও এপিপিদের মধ্য থেকে আইনজীবী নির্ধারণ করবেন। মামলার অগ্রগতি এবং প্রয়োজনীয় নথি সরবরাহের সমন্বয় করবেন দায়িত্বপ্রাপ্ত আইনজীবী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা, যা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুরো প্রক্রিয়া দেখভাল করবেন।

অন্যদিকে, প্রয়োজনীয় কর্মচারীকে লিখিত আদেশে পেশকারের অতিরিক্ত দায়িত্ব দিতে বলা হয়েছে এবং বিভাগীয় কমিশনারের কার্যালয় মন্ত্রিপরিষদের সঙ্গে সমন্বয় করে এক মাসের মধ্যে তাদের প্রশিক্ষণ দিয়ে তালিকা পাঠাবে।

জনসাধারণের কাছে তথ্য পৌঁছে দিতে প্রতিটি জেলায় চার সদস্যের একটি মিডিয়া সেল গঠন করতে হবে, যার নেতৃত্বে থাকবেন অতিরিক্ত জেলা প্রশাসক বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। এই সেল ছবি, ভিডিও ও তথ্য সংগ্রহ করে সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের দায়িত্ব পালন করবে।