চাকচিক্য আছে, খাবারের নিরাপত্তা কতটা? যশোরের রেস্তোরাঁয় অনিয়মের চিত্র

অভিজাত রেস্তোরাঁয় চাকচিক্যের আড়ালে কী খাচ্ছি আমরা?

0
চাকচিক্য আছে, খাবারের নিরাপত্তা কতটা?
গ্রাফিক্স এআই সহায়তায়- লোকসমাজ

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : বাইরে বাহারি সাজসজ্জা, শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ আর আকর্ষণীয় খাবারের মেনু। সামাজিক যোগাযোগমাধ্যমেও রেস্তোরাঁগুলোর প্রচারণার কমতি নেই। কিন্তু এসব চাকচিক্যের আড়ালে খাবারের মান ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন। যশোর শহরের বিভিন্ন রেস্তোরাঁয় সাম্প্রতিক ভ্রাম্যমাণ আদালত ও সরকারি সংস্থার অভিযানে পচা-বাসি খাবার, নোংরা রান্নাঘর, তেলাপোকার উপদ্রব, মেয়াদোত্তীর্ণ উপকরণ এবং অনিরাপদ খাদ্য সংরক্ষণের চিত্র উঠে এসেছে। একের পর এক এমন ঘটনায় রেস্তোরাঁর খাবারের ওপর আস্থা হারাচ্ছেন ক্রেতারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি শহরের বেশ কয়েকটি পরিচিত রেস্তোরাঁয় অভিযান চালিয়ে নানা অনিয়মের প্রমাণ পেয়েছেন কর্মকর্তারা। আরএন রোডের ক্যাফে নূরে ফ্রিজে বাসি খাবার ও মাংস সংরক্ষণ, রান্নাঘরের পাশে তেলাপোকার উপস্থিতি এবং রান্নায় অনুমোদনহীন ক্ষতিকর উপাদান ব্যবহারের প্রমাণ মেলে। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এমকে রোডের পাঁচফোড়ন হোটেল অ্যান্ড রেস্তোরাঁয় ফ্রিজে বাসি গ্রিল ও কাঁচা মুরগির মাংস একসঙ্গে সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ কাসুন্দি, সস ও মেয়োনিজ পাওয়া যায়। এ প্রতিষ্ঠানকেও এক লাখ টাকা জরিমানা করা হয়।

লালদীঘির পাড়ের ভোজন বাড়ি রেস্তোরাঁয় রান্নাঘরের অস্বাস্থ্যকর পরিবেশ, মুরগির গ্রিলের পাশে ঝাড়ু রাখা এবং মাংস অনিরাপদভাবে সংরক্ষণের চিত্র ধরা পড়ে। প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। নাজমা হোটেলের রান্নাঘরেও আবর্জনার স্তূপ ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।

এ ছাড়া মুজিব সড়কের ঝটপট ফাস্টফুডকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সড়কের আড্ডাখানায় দুই দফা অভিযানে অপরিচ্ছন্ন রান্নাঘর, পচা-বাসি খাবার ও অনিরাপদভাবে খাদ্য সংরক্ষণের চিত্র পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রসিদ্ধ মিষ্টির দোকান অনন্যাসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানেও অনিয়মের অভিযোগে জরিমানা আদায় করা হয়েছে।

মণিরামপুরে বনফুল অ্যান্ড কোংয়ের শাখায় ২০২৬ সালের ১৫ জুন অভিযান চালিয়ে উৎপাদন ও মেয়াদসংক্রান্ত তথ্যবিহীন এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ২০ জুলাই পুনরায় অভিযান চালিয়ে একই ধরনের অনিয়মের পাশাপাশি নষ্ট দই সংরক্ষণ ও বিক্রির প্রমাণ পাওয়া যায়। দ্বিতীয় দফায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। দুই অভিযানে প্রতিষ্ঠানটির মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ৭০ হাজার টাকা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর কার্যালয়ের উপপরিচালক সেলিমুজ্জামান জানান, ভেজাল, ক্ষতিকর উপাদান মিশ্রণসহ খাদ্যে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে প্রায় দেড়শ অভিযানে অর্ধকোটি টাকার বেশি জরিমানা আদায় করা হয়েছে। খাদ্যে অনিয়মের বিরুদ্ধে অধিদপ্তর কঠোর অবস্থানে রয়েছে।

তবে অভিযানের পরও ক্রেতাদের উদ্বেগ কাটছে না। নিয়মিত রেস্তোরাঁয় খেতে যাওয়া নুসরাত জাহান বলেন, খাবারের দাম বাড়লেও মান ও পরিচ্ছন্নতা নিশ্চিত হচ্ছে না। পচা খাবার ও নোংরা রান্নাঘরের খবর শুনে বাইরে খাওয়ার আগ্রহ কমে যাচ্ছে।

ব্যাংক কর্মকর্তা শরিফুল ইসলামের মতে, সন্তানদের নিয়ে রেস্তোরাঁয় যেতে এখন ভয় লাগে। রান্নাঘর নিয়মিত পরীক্ষা করা জরুরি।

শিক্ষার্থী সাবিয়া জাহান তিশা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে খাবারের আকর্ষণীয় ছবি দেখে রেস্তোরাঁয় গেলেও খাবারের প্রকৃত মান সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না।

অন্যদিকে এনজিও কর্মকর্তা শফিকুল ইসলামের দাবি, শুধু জরিমানা নয়, একই অপরাধ বারবার করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

সচেতন ক্রেতাদের মতে, শুধু অভিযান ও জরিমানা দিয়ে নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব নয়। প্রয়োজন নিয়মিত তদারকি, রান্নাঘরের পরিচ্ছন্নতা নিশ্চিত করা, খাদ্য উপকরণের মেয়াদ ও সংরক্ষণ পদ্ধতি পরীক্ষা এবং অপরাধের পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা। পাশাপাশি ক্রেতাদের অভিযোগ জানানোর সুযোগ বাড়াতে হবে।

সব মিলিয়ে যশোরের রেস্তোরাঁ ব্যবসায় এখন বড় প্রশ্ন—বাহ্যিক সৌন্দর্যের আড়ালে খাবারের নিরাপত্তা কতটা নিশ্চিত? নগরবাসীর প্রত্যাশা, রেস্তোরাঁর চাকচিক্য নয়, খাবারের গুণগত মান, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশই হোক ব্যবসার প্রধান শর্ত।