যশোরে যৌতুক নিরোধ আইনে এক ব্যক্তির দণ্ড

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরে যৌতুক নিরোধ আইনের একটি মামলায় ববি হোসেন নামে এক ব্যক্তিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত। মঙ্গলবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সালমান আহমেদ শুভ এই রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত ববি হোসেন মণিরামপর উপজেলার গয়েশপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ১৬ নভেম্বর আসামি ববির সাথে মণিরামপুর উপজেলার নেহালপুর গ্রামের কওসার আলী মোল্লার মেয়ে চায়না খাতুনের বিয়ে হয়। বিয়ের সময় ববিকে যৌতুক হিসেবে দেড় লাখ টাকার মালামাল দেয়া হয়। বিয়ের পর চায়না সন্তানসম্ভবা হলে তাকে পিতার বাড়িতে পাঠিয়ে দেন ববি। কিন্তু তার আর খোঁজখবর নেননি তিনি। এরই মধ্যে চায়না একটি কন্যাসন্তানের জন্ম দেন। পরে সন্তানসহ মেয়েকে জামাইয়ের বাড়িতে নিয়ে যান চায়নার মা। কয়েক মাস পর ফের স্ত্রীর কাছে ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন ববি। টাকা না দেয়ায় তিনি স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। এক পর্যায়ে স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। এ ঘটনায় ২০২১ সালের ১৬ মার্চ আাদালতে মামলা করেন চায়না। এ মামলায় আসামি ববি দোষী সাব্যস্ত হওয়ায় বিচারক তাকে উল্লিখিত সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত ববি পলাতক রয়েছেন।