পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম

0
পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়া বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম।। ফাইল ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আমিনুল ইসলাম।

আজ এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। নতুন এই দায়িত্বে তিনি হাই-পারফরম্যান্স সেন্টারগুলোর উন্নয়ন, খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি, কোচিং কার্যক্রমের মানোন্নয়ন এবং তরুণ ক্রিকেটারদের সামনে এগিয়ে যাওয়ার পথ তৈরি করতে পরামর্শ দেবেন।

মূলত তৃণমূল পর্যায়ে ক্রিকেটের প্রসার এবং বাংলাদেশে নিজেদের কার্যক্রম আরও বিস্তৃত করার লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছে লাহোর কালান্দার্স, যেখানে আন্তর্জাতিক ক্রিকেট ও ক্রিকেট প্রশাসনে আমিনুল ইসলামের দীর্ঘ অভিজ্ঞতাকে পুরোপুরি কাজে লাগাতে চায় ফ্র্যাঞ্চাইজিটি।

পিএসএলের ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আমিনুল ইসলামকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার  ঘোষণা।

উল্লেখ্য, ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এশিয়া অঞ্চলের ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন আমিনুল ইসলাম।

এর আগে তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ক্রিকেট ডেভেলপমেন্ট অফিসার হিসেবেও কাজ করেছেন এবং পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব পালনের গৌরবময় অভিজ্ঞতাও রয়েছে তাঁর ঝুলিতে।

খেলোয়াড়ি জীবনে ১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন তিনি, যেখানে ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পালনের পাশাপাশি ২০০০ সালে বাংলাদেশের ঐতিহাসিক অভিষেক টেস্টে সেঞ্চুরি করার অনন্য কীর্তি গড়েন আমিনুল।

অন্যদিকে, তরুণ প্রতিভা খুঁজে বের করা এবং তাদের যথাযথ পরিচর্যার জন্য তৃণমূল ও হাই-পারফরম্যান্স কার্যক্রমের মাধ্যমে দেশজুড়ে পরিচিতি পাওয়া লাহোর কালান্দার্স ২০১৬ সাল থেকে পিএসএলে অংশ নিয়ে এ পর্যন্ত তিনবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।