যশোরে পুলিশ কর্মকর্তার চুরি যাওয়া মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার; ২ জন আটক

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোরের চাঁচড়া রায়পাড়া থেকে চুরি যাওয়া পুলিশ কর্মকর্তার মোটরসাইকেল ১০ দিনের মাথায় গোপালগঞ্জ থেকে উদ্ধার হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ।

যশোর কোতয়ালি থানার এসআই মো. সাইফুল ইসলামের মোটরসাইকেল ১ নভেম্বর তার ভাড়াবাসা থেকে
চুরি হয়।

গত রোববার গোপালগঞ্জের কোটালীপাড়ার গণক বাড়ি এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার হয়। আটকরা হলেন, যশোর শহরের শংকরপুর আশ্রম রোডের মুনসুর শেখের ছেলে বর্তমানে শার্শা উপজেলার নাভারণ বুরুজবাগান পাকার মাথা এলাকার বাসিন্দা সাজ্জাদ শেখ সাঈদ ও বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পুটিখালী গ্রামের আবু সাঈদের ছেলে আলম।

কোতয়ালি থানা পুলিশের এসআই আব্দুল্লাহ আল মামুন জানান, এসআই সাইফুল ইসলাম যশোর শহরের চাঁচড়া রায়পাড়ার মৃত মাওলানা আব্দুর রাজ্জাকের ছেলে মাহমুদুল হাসান বাবুর বাড়িতে ভাড়া থাকেন। গত ১ নভেম্বর ভোর ৪টার দিকে অজ্ঞাত পরিচয় চোর পেছনের প্রাচীর টপকে ভেরতে ঢুকে বাড়ির গাড়ির গ্যারেজে রাখা মোটরসাইকেল এবং ঘর থেকে ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এঘটনায় এসআই সাইফুল ইসলাম কোতয়ালি থানায় মামলা করেন।

তিনি বলেন, মামলার তদন্তকালে তথ্য প্রযুক্তির সাহায্যে ও গোপন তথ্যের ভিত্তিতে গত রোববার শার্শা উপজেলার নাভারন এলাকায় অভিযান চালিয়ে উল্লিখিত দুই জনকে আটক করেন।

পরে তাদের দেওয়া স্বীকারোক্তিতে গোপালগঞ্জের কোটালীপাড়ার গণক বাড়ি এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আটক সাজ্জাদ শেখ সাঈদের বিরুদ্ধে কোটালীপাড়ায় ৭টি এবং যশোর কোতয়ালি থানায় ১টি ও শার্শা থানায় ১টি মামলা রয়েছে।