নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অবৈধ ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

0
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা অবৈধ ধর্মঘটের প্রতিবাদে এবং নাশকতামূলক কর্মকাণ্ড রাজপথে প্রতিহত করতে যশোরের রাজপথে বিক্ষোভ মিছিল ও সরব অবস্থান নিয়েছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।। ছবি: লোকসমাজ

স্টাফ রিপোর্টার ॥ নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ডাকা অবৈধ ধর্মঘট-এর প্রতিবাদে যশোরের রাজপথে সরব অবস্থান নিয়েছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। তিন সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর এই সরব উপস্থিতির কারণে এদিন যশোরের রাজপথে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কাউকেই দেখা যায়নি।

এই কর্মসূচি উপলক্ষে মঙ্গলবার দুপুরে এই তিন সংগঠনের উদ্যোগে শহরজুড়ে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এর আগে জেলা বিএনপি কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত মিছিল-পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে নেতৃবৃন্দ কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড রাজপথে কঠোরভাবে প্রতিহত করা হবে এবং তাদের যেকোনো নৈরাজ্যের বিরুদ্ধে জনগণ সম্পূর্ণ সোচ্চার রয়েছে।

নেতৃবৃন্দ আরও ঘোষণা দেন যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে রাজপথে থেকেই গণপ্রতিরোধ গড়ে তোলা হবে। যশোরসহ সারাদেশের শান্ত ও সুস্থিত পরিবেশ যারা ঘোলাটে করার পাঁয়তারা করবে, তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার হুশিয়ারিও উচ্চারণ করেন তারা।

সমাবেশ শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মনিহার এলাকায় গিয়ে শেষ হয়। উক্ত মিছিলে জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাবুল, আরিফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি ও সদস্য সচিব শাহনেওয়াজ ইমরানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।