নড়াইলে নিখোঁজের পর বাড়ির ছাদ থেকে হাত বাঁধা ভ্যানচালকের মরদেহ উদ্ধার

0
নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা গ্রামে যে একতলা বাড়িটির ছাদ থেকে নিখোঁজ ভ্যানচালকের হাত বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে, সেই বাড়িটির প্রাঙ্গণে উৎসুক মানুষের ভিড়।। ছবি: প্রথম আলো

নড়াইলের লোহাগড়া উপজেলায় একটি বাড়ির ছাদ থেকে হাত বাঁধা অবস্থায় আজিবার শেখ (৪০) নামের এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে উপজেলার লক্ষ্মীপাশা গ্রামের মোল্যার মাঠের পাশের একটি বাড়ির ছাদ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আজিবার শেখ লোহাগড়ার সিংগা গ্রামের বাসিন্দা ছিলেন এবং তিনি ভ্যানে করে কাঠ টানার পাশাপাশি যাত্রী পরিবহন করতেন।

তাঁর স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যার দিকে আজিবার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন এবং সাধারণত রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে বাড়ি ফিরে আসতেন।

গতকাল সময়মতো না ফেরায় তাঁর স্ত্রী ফোন করলে তিনি কিছুক্ষণের মধ্যে বাড়ি ফিরছেন বলে জানান। তবে রাত বাড়লেও তিনি না ফেরায় এবং তাঁর মুঠোফোন বন্ধ থাকায় পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় পড়েন।

সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির একপর্যায়ে স্বজনেরা লক্ষ্মীপাশা গ্রামের মোল্যার মাঠের একপাশে তাঁর ভ্যানটি পড়ে থাকতে দেখেন। এরপর ভোর পর্যন্ত ভ্যানের আশপাশে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরবর্তীতে সকালে মাঠের পাশের একটি একতলা বাড়ির ছাদে দুই হাত সামনের দিকে বাঁধা অবস্থায় একজনের মরদেহ দেখতে পান ওই বাড়ির লোকজন। খবর পেয়ে সকাল আটটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঐ বাড়ির ছাদে ওঠার সিঁড়িটি বাড়ির বাইরে থাকায় ছাদে উঠতে কোনো দরজা পেরোতে হয় না।

বেলা ১১টার দিকে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের হাত দুটি বাঁধা ছিল, তাঁর স্যান্ডেল পাশের একটি বাগানে পাওয়া গেছে এবং তাঁর মোবাইল ফোনটি পাওয়া যায়নি। পুলিশ প্রাথমিকভাবে এটিকে একটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।