ঝিকরগাছায় মৎস্য চাষিদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

0
যশোরের ঝিকরগাছায় রাজস্ব খাতের আওতায় মৎস্য চাষিদের দক্ষতা বৃদ্ধি, নিরাপদ মাছ উৎপাদন এবং গলদা চিংড়ি চাষ ব্যবস্থাপনা নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।। ছবি: লোকসমাজ

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর)॥ যশোরের ঝিকরগাছায় ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় মৎস্য চাষিদের প্রশিক্ষণ-এ দক্ষতা বৃদ্ধি এবং নিরাপদ মাছ উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অফিসার্স ক্লাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক মো. জাহাঙ্গীর আলম।

উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা মৎস্য অফিসার মো. মনিরুল মামুন, উপজেলা মৎস্য অফিসার অপু সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী জালাল আহমেদ এবং সহকারী মৎস্য অফিসার মো. নান্নু রেজা।

উক্ত প্রশিক্ষণে “গলদা চিংড়ির একক চাষ ও মিশ্র চাষ ব্যবস্থাপনা” বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় প্রশিক্ষকরা আধুনিক ও টেকসই মাছ চাষ পদ্ধতি, পুকুর ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, পানির গুণগত মান বজায় রাখা, নিরাপদ খাদ্য ব্যবহার এবং অধিক উৎপাদনের কৌশল সম্পর্কে অংশগ্রহণকারী চাষিদের ধারণা প্রদান করেন।

আলোচকরা জানান যে নিরাপদ ও বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং মৎস্য খাতের টেকসই উন্নয়ন সম্ভব। তাই মাঠ পর্যায়ের চাষিদের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

প্রশিক্ষণে উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য চাষিরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।