অভয়নগরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে সহকারী শিক্ষক গ্রেপ্তার, আদালতে দোষ স্বীকার

0
যশোরের অভয়নগরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমরান হোসেনকে ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।। ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ যশোরের অভয়নগরে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে স্কুলছাত্রীকে ধর্ষণ করার অভিযোগে অভিযুক্ত সহকারী শিক্ষক ইমরান হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অভয়নগর থানার ওসি তদন্ত লুৎফর রহমান জানান ভিকটিম শিশুটি বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। গত ২৬ অক্টোবর সকাল ১১টার দিকে সে বিদ্যালয়ে গেলে একইদিন দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটের দিকে ওই শিক্ষক ভিকটিমকে বিদ্যালয়ের শিক্ষকদের বাথরুমে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।

পরবর্তীতে ভিকটিমকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে অভয়নগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নম্বর ১৭ এবং তারিখ ২৭/১০/২০২৬।

মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত আসামি পলাতক ছিলেন। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় ও বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মিরপুর থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।

আটককৃত শিক্ষক ইমরান হোসেন অভয়নগর উপজেলার বুইকরা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে এবং তিনি বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক।

পুলিশ আরও জানায় যে গ্রেপ্তারকৃত আসামি ইতিমধ্যে বিজ্ঞ আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেটের নিকট জবানবন্দি দিয়েছেন।