শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার কোনো আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

0
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নতুন পাসপোর্ট দেওয়ার কোনো আইনগত সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়েছেন চিফ প্রসিকিউটর।। ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘পাসপোর্ট আইনে’ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাসপোর্ট দেওয়ার আইনগত কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এই কথা জানান। চিফ প্রসিকিউটর বলেন, আইন অনুযায়ী কোনো দণ্ডিত ব্যক্তি পাসপোর্ট পেতে পারেন না; কারণ ৫ বছরের মধ্যে সর্বনিম্ন দুই বছর বা তার বেশি সাজাপ্রাপ্ত হলে এবং নৈতিক স্খলন বা মোরাল টারপিটিউডের মতো অপরাধে দণ্ডিত ব্যক্তিদের পাসপোর্ট কর্তৃপক্ষ কোনো পাসপোর্ট দিতে পারে না।

যেহেতু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং তিনি নির্ধারিত ৩০ দিনের মধ্যে কোনো আপিলও দায়ের করেননি, তাই তাঁর আপিল করার আর কোনো আইনগত সুযোগ অবশিষ্ট নেই। এ অবস্থায় রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে কোনো দণ্ডিত ব্যক্তিকে পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা বিচার ব্যবস্থার সঙ্গে মোকারির শামিল হবে বলে তিনি মন্তব্য করেন।

দেশে ফিরতে চাইলে সাবেক প্রধানমন্ত্রীকে কী করতে হবে, সে বিষয়ে পরামর্শ দিয়ে চিফ প্রসিকিউটরের কার্যালয় জানায় যে শেখ হাসিনার যদি সত্যিকারের অর্থে দেশে ফেরার সদিচ্ছা থাকত, তবে মামলা চলাকালীন তিনি তা মোকাবিলা করতেন কিংবা রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে আপিল করতেন।

চিফ প্রসিকিউটর পরামর্শ দিয়ে বলেন, তিনি যদি সত্যিই দেশে ফিরতে চান, তবে ভারত সরকারের কাছে লিখিত আবেদন করে এক্সট্রাডিশন চুক্তির আওতায় বাংলাদেশে ফেরত যাওয়ার পন্থাই হবে তাঁর জন্য সঠিক পথ।

এছাড়া তিনি আরও উল্লেখ করেন যে শেখ হাসিনা হঠাৎ দেশে ঢুকে পড়বেন কিংবা পদ্মা সেতু হয়ে হাজার হাজার গাড়ি নিয়ে চলে আসবেন—এমন ভুয়া ও বিভ্রান্তিকর বক্তব্যে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগের কিছু অবুঝ কর্মী রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন।

বর্তমানে তাঁর বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় কার্যকর হওয়া ছাড়া আর কোনো বিকল্প বা অল্টারনেটিভ নেই বলেও পরিষ্কার জানিয়ে দেন চিফ প্রসিকিউটর।