যশোরে পুলিশি অভিযানে বিএনপি ও যুবদল নেতা আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে বিএনপি নেতাকর্মীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযান অব্যাহত রয়েছে। শুক্রবার রাতে তারা অভিযান চালিয়ে সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান ও শনিবার ঝিকরগাছা উপজেলা যুবদল নেতা হাফিজুর রহমানকে আটক করেছে।
কচুয়া ইউনিয়নের খানপাড়ার বাসিন্দা অধ্যাপক আব্দার হোসেন খানের পরিবারের সদস্যরা জানান, পুলিশি অভিযানের কারণে গত কয়েকদিন ধরে তিনি বাড়িঘর ছাড়া। শুক্রবার রাতে মেয়ে জামাই আসার খবর পেয়ে তিনি বাড়িতে আসেন। তিনি বাড়িতে আসা মাত্রই নরেন্দ্রপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল হাসান একদল পুলিশ সদস্য নিয়ে অধ্যাপক আব্দার হোসেন খানের বাসভবন ঘিরে রাখে। মেয়ে জামাইয়ের সামনে থেকে আটক করে নিয়ে যায়।
এদিকে ঝিকরগাছা থানা পুলিশ শনিবার দুপুরে ঝিকরাগছা পৌর সদরে রেল ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে উপজলো যুবদলের সদস্য হাফিজুর রহমানকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করে।