যশোরে নিরালা পট্টিতে বাসায় দুঃসাহসিক চুরি

0

 

স্টাফ রিপোর্টার॥ যশোর শহরের হরিনাথ দত্ত লেন নিরালাপট্টিতে একটি বাসার গ্রিল ভেঙে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোর ওই বাসা থেকে ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে বলে জানান গৃহকত্রী নাজ পারভীন পপি। তিনি শহরের এমএম আলী সড়কের ল্যাবস্ক্যান মেডিকেল সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপক।
নাজ পারভীন পপি জানান, তিনি হরিনাথ দত্ত লেন নিরালাপট্টিতে ব্যাংকার আহসান সাদির দোতলা ভবনের দ্বিতীয় তলায় ভাড়া থাকেন। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি ঘরের দরজায় তালা দিয়ে কর্মস্থলে যান। রাত ১১টার দিকে তিনি কর্মস্থল থেকে বাসায় ফিরে চুরির বিষয়টি টের পান। অজ্ঞাত দুর্বৃত্তরা প্রথমে বারান্দার গ্রিল ভেঙে ভেতরে ঢোকে। এরপর তালা লাগানো দরজার কড়া ভেঙে ঘরের ভেতর ঢোকে এবং বিছানার নিচ থেকে চাবি নিয়ে আলমারি খুলে ১৩ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে। বিষয়টি তিনি তাৎক্ষণিক স্বজনদের ছাড়াও পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কোতয়ালি থানা পুলিশের ইনসপেক্টর (তদন্ত) এ কে এম সফিকুল আলম চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশ তৎপর রয়েছে।