খুলনায় ফিরছে ক্রিকেটের উন্মাদনা এনসিএলের প্রস্তুতি সম্পন্ন, ডি-থ্রি ম্যাচ আয়োজনেরও সম্ভাবনা

0
খুলনায় ফিরছে ক্রিকেটের উন্মাদনা
শুক্রবার বিকেলে বিসিবি পরিচালকদের একটি দল খুলনা বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন করেন- লোকসমাজ

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর আবারও ঘরোয়া ক্রিকেটের বড় আসরকে ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে খুলনা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে। ২৮তম জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শুরুর প্রাক্কালে স্টেডিয়ামের সার্বিক প্রস্তুতি ও অবকাঠামোগত সক্ষমতা পরিদর্শন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি প্রতিনিধি দল।

শুক্রবার বিকেলে বিসিবি পরিচালক, নারী উইংয়ের ভাইস চেয়ারম্যান এবং খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম তুহিনের নেতৃত্বে প্রতিনিধি দলটি খুলনা বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন করেন। এ সময় বিসিবি পরিচালক ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান শানিয়ান তানিম নাভীন, বিসিবি পরিচালক শান্তনু ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে তারা মূল মাঠ, ড্রেনেজ ব্যবস্থা, পিচ ও উইকেট, মিডিয়া বক্স, ইনডোর প্র্যাকটিস গ্রাউন্ড এবং খেলোয়াড়দের ড্রেসিং রুমসহ বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে মো. শফিকুল আলম তুহিন বলেন, “এনসিএলের ম্যাচ আয়োজনের সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন। দীর্ঘদিন পর খুলনায় জাতীয় পর্যায়ের ক্রিকেট ফিরছে। খেলোয়াড়, ম্যাচ অফিসিয়াল ও গণমাধ্যমকর্মীদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বিসিবি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।”

ঘোষিত সূচি অনুযায়ী, ৩ অক্টোবর থেকে দেশের আটটি বিভাগীয় দল নিয়ে শুরু হচ্ছে চার দিনের ম্যাচভিত্তিক এই টুর্নামেন্ট। প্রথম রাউন্ডে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিক খুলনা বিভাগের মুখোমুখি হবে বরিশাল বিভাগ। টুর্নামেন্টে প্রতিটি দল সাতটি করে ম্যাচ খেলবে এবং আগামী ১৭ নভেম্বর প্রতিযোগিতার পর্দা নামবে।

এদিকে, আগামী ডিসেম্বর থেকে শুরু হওয়ার সম্ভাব্য ‘ডি-থ্রি’ টুর্নামেন্টের ম্যাচও খুলনা বিভাগীয় স্টেডিয়ামে আয়োজন করা হতে পারে। বিসিবির প্রতিনিধি দলের এই পরিদর্শনের অন্যতম উদ্দেশ্য ছিল এনসিএলের পাশাপাশি ভবিষ্যতে ডি-থ্রি এবং পরিকল্পিত বড় পরিসরের ঘরোয়া টি-টোয়েন্টি আসরের ভেন্যু হিসেবে খুলনার সক্ষমতা যাচাই করা।

যদিও স্টেডিয়ামের কিছু সংস্কারকাজ এখনও চলমান, তবুও এনসিএলের ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে খুলনায় নিয়মিত জাতীয় পর্যায়ের ক্রিকেট ফেরার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় ক্রীড়ামোদী ও আয়োজকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।