দামুড়হুদায় দোকান বসানো নিয়ে বিরোধ, হামলায় ফল বিক্রেতার মৃত্যু

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা, লোকসমাজ: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় ফুটপাতে দোকান বসানো নিয়ে বিরোধের জেরে মধু (৬০) নামে এক ভ্রাম্যমাণ ফল বিক্রেতার মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক সবজি বিক্রেতার বিরুদ্ধে লোহার শিক দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের মুচির বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মধু আরামডাঙ্গা গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভ্যানে করে ফল বিক্রি করতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সন্ধ্যায় ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে ফল বিক্রেতা মধুর সঙ্গে মামুন নামে এক সবজি বিক্রেতার কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি বাধে। এ সময় মামুন কদবেল ফুটো করার কাজে ব্যবহৃত একটি লোহার শিক দিয়ে মধুর বুকে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মধুকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শামসুজ্জোহা জানান, ধারালো শিকের আঘাতে বুকের ভেতরের একটি প্রধান রক্তনালি ক্ষতিগ্রস্ত হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফুটপাতে দোকান বসানো নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।