২৫ কেজি ওজনের ভোল ৪ লাখ ৮০ হাজার টাকা

0

বাগেরহাট সংবাদদাতা॥ বঙ্গোপসাগরের দুবলার শুটকি পল্লীর জেলের জালে ধরা পড়া ২৫ কেজি ওজনের একটি ভোল মাছ ধরা পরেছে। রবিবার (০৬ মার্চ) ভোরে গভীর সাগরে জেলে শুকুর মীর নামের এক জেলের জালে মাছটি ধরা পরে। পরে দুপুরে দুবলার নিউ মার্কেট এলাকায় ডাকের ( উন্মুক্ত নিলাম) মাধ্যমে মাছটি ৪ লক্ষ ৮০ হাজার টাকায় বিক্রি হয়। এই হিসেবে প্রতি কেজি মাছের দাম পড়েছে ১৯ হাজার ২০০ টাকা। খুলনার মাছ ব্যবসায়ী সম্রাট মাছটি ক্রয় করেন। মাছ পাওয়া জেলে শুকুর মীর বলেন, এবার মাছ ভাল হলেও প্রাকৃতিক দূর্যোগের ফলে কয়েকবার মাছ নষ্ট হয়েছে। তবে এই মাছটা পেয়ে আমাদের খুব উপকার হয়েছে। একবারে ৪ লক্ষ ৮০ হাজার টাকা নগদ বিক্রি করেছি। মহাজনও অনেক খুশি হবেন, এটা জেনে।
শুধু শুকুর মীরের জালে নয়, এবছর বেশ কয়েকটি বড় ভোল মাছ ধরা পড়েছে শুটকি পল্লীর জেলেদের জালে। গেল ২ মার্চ ৩২ কেজি ওজনের একটি ভোল মাছ ধরা পড়ে। যা দুই লক্ষ ২৪ হাজার টাকায় বিক্রি হয়। এ পর্যন্ত ছয়টি ভোল মাছ জেলেদের জালে ধরা পড়ে এবং তা ২২ লাখ ২০ হাজার টাকায় বিক্রি হয়।
মাছ ক্রেতা সম্রাট বলেন, এই মাছটি খুবই সুস্বাদু এবং ঔষধী গুন সম্পন্ন। যার কারণে এই মাছের দাম অনেক বেশি। এছাড়া এই মাছের পেটের মধ্যে যে বালিশ (প্যাটা) থাকে সেটি অনেক চড়া মুল্লে আমরা চট্টগ্রামের ব্যবসায়ীদের কাছে বিক্রি করি। এই মাছে ভাল লাভ হবে বলে আশা করেন তিনি।
ভোল মাছের আরেক ক্রেতা ফারুক বলেন, ভোল, ভেটকি, পাঙ্গাসসহ বিভিন্ন বড় মাছ চড়া দামে ক্রয় করি আমরা। এই মাছের বালিশ (প্যাটা), ফুলকা ও পাখনার বেশ চাহিদা রয়েছে। আমরা চট্টগ্রামের ব্যবসায়ীদের কাছে এগুলো বিক্রি করি। শুনেছি তারা বিদেশে পাঠায়। সুন্দরবন বন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলার চর শুটকী পল্লী ফরেস্ট ক্যাম্পের ওসি ওসি প্রহ্লাদ চন্দ্র রায় বলেন, এবছর জেলেদের জালে বেশ কয়েকটি বড় ভোল মাছ ধরা পড়েছে। জেলেরাও এই মাছ চড়া দামে বিক্রি করছেন। বড় মাছ ধরা পড়লে জেলে ও ব্যবসায়ী দুই জনেরই ভাল হয়। সর্বশেষ রবিবার দুপুরে ৪ লক্ষ ৮০ হাজার টাকায় একটি ভোল মাছ বিক্রি হয়েছে।