চৌগাছায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক কিশোর নিহত, আহত ৩

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর)॥ চৌগাছায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক এক কিশোর নিহত ও অপর ৩ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে চৌগাছা- কোটচাঁদপুর সড়কের দেবীপুর বাজারের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকেরা ঘটনাস্থলে গিয়ে লাশ ও আহতদের উদ্ধার করেন।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল পাঁচটার দিকে দেবীপুর বাজারের পাশে গর্তের সামনে একটি ফল বোঝাই আলমসাধু ও দ্রুতগতির মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক কিশোর সলেমান হোসেন (১৬) নিহত হয়। আহত হয় অপর দুই কিশোর মোটরসাইকেল আরোহী ও আলমসাধু চালক। তবে আলমসাধু চালকের আঘাত মারাত্মক না হওয়ায় তিনি দ্রুত পালিয়ে যান।

নিহত সলেমান হোসেন ঝিনাইদাহ জেলার মহেশপুর উপজেলার শ্যামনগর গ্রামের নুর হোসেনের ছেলে।

আহত মোটরসাইকেল আরোহী একই গ্রামের আব্দুল কাদেরের ছেলে ফরহাদ হোসেন (১৭) ও জালাল উদ্দিনের ছেলে তানজিম হোসেন (১৪)।

খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে হতাহতদের উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের উন্নত চিকিৎসার জন্যে যশোরে রেফার করা হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহবাজ শাহারিয়া বলেন, একজন ঘটনাস্থলেই মারা গেছে। অপর দুইজনের আঘাত গুরুতর হওয়ায় তাদেরকে যশোরে রেফার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী আব্দুর রাজ্জাক বলেন, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও আলমসাধুর গতি ছিল বেপরোয়া। চৌগাছা থেকে কোটচাঁদপুরের দিকে যাচ্ছিল আলমসাধু। অপরদিকে বিপরীত দিকে আসছিল মোটরসাইকেলটি। ঘটনাস্থলে উভয় যান নিয়ন্ত্রণ হারায়।

চৌগাছা থানার অফিসার ইরচার্জ মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে হতাহতদের উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিয়ে আসে।