অপশক্তির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান অধ্যাপক নার্গিস বেগমের

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, কোন গণতান্ত্রিক সরকারের পতন ঘটনানো সহজ নয়৷ আমরা অগণতান্ত্রিক এবং অপশক্তির হাত থেকে দেশকে রক্ষা করেছি। সেখান থেকে বর্তমানে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক শক্তির মাধ্যমে দেশ পরিচালিত হচ্ছে। আসুন দেশ বিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াই, গর্তের মধ্যে লুকিয়ে থাকা আওয়ামী লীগ এবং গুপ্তদের বিরুদ্ধে সর্তক হই।

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে যশোর সদর উপজেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

শুক্রবার বিকেলে লেবুতলা বাজারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সীমাহীন লুটপাটের কারণে দেশে গ্যাস, বিদ্যুতের সংকট সৃষ্টি হয়েছে।

ছবি: লোকসমাজ।

তাদের লুটপাটের দায় বর্তমান সরকারের ঘাড়ে এসেছে। সকল সংকট কাটিয়ে দেশে স্থিতিশীল অবস্থা বজায় রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন। কিন্তু সেই সময় টুকু তারা ( বিরোধী দল) দিতে চান না, এভাবে তারা সরকারের পতন ঘটতে চান। কিন্তু কোন গণতান্ত্রিক সরকারের পতন ঘটানো সহজ নয়। সরকার দেশে স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে কাজ করছে। এ কাজে বাঁধা দিলে কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান জন কল্যাণ মুলক নীতি এবং পরিকল্পনা গ্রহণ করে, তা বাস্তবায়নের কাজ শুরু করেছেন। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ইমাম মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্ম গুরুদের সম্মানি ভাতা, খাল খনন, সুদসহ কৃষি ঋণ মওকুফ এমন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণ সরকারের সঠিক নীতি এবং পরিকল্পনার সুফল পেতে শুরু করেছে।

সরকারের সকল জনবান্ধন নীতি এবং পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময় দিতে হবে। যারা নির্বাচনের আগে জনগনকে বেহেশতসহ বিভিন্ন প্রলোভন দেখিয়েছিলো তারা আজ কোথায়? নির্বাচনের পরে জনগণ কোন সমস্যায় তাদেরকে পাশে পায়নি। অতীতেও তারা জনগণের পাশে ছিল না।

অধ্যাপক নার্গিস বেগম বলেন, দুষ্টের দমন করা রাষ্ট্রের দায়িত্ব। তাই দেশ ও জনগণকে নিরাপদ এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বকে নিশকন্টক রাখতে কোন সন্ত্রাসীর ঠাঁই দেওয়া হবে না। যেখানেই সন্ত্রাস সেখানেই প্রতিহত করা হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন লেবুতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা মনোয়ারুল ইসলাম হ্যাপি।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, লেবুতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলু, যুবদল নেতা নান্নু মিয়া, ছাত্রদল নেতা সাইদুর রহমান প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ।