হরিণাকুণ্ডু জমি নিয়ে বিরোধে শ্রমিক দল নেতা কুপিয়ে জখম, আটক ১

0
হরিণাকুণ্ডু জমি নিয়ে বিরোধে শ্রমিক দল নেতা কুপিয়ে জখম

ঝিনাইদহ সংবাদদাতা, লোকসমাজ : ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মনিরুল ইসলাম নামে শ্রমিক দলের এক নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয় পক্ষের আরও চার থেকে পাঁচজন আহত হয়েছেন। ঘটনার পর লিমন নামে একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের হিঙ্গারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত মনিরুল ইসলাম ওই গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে এবং দৌলতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের নেতা।

স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে চাচাতো ভাইদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় মনিরুল ইসলাম গুরুতর আহত হন।

স্থানীয় বাসিন্দা মতিয়ার রহমান জানান, বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের সময় মনিরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয় বলে অভিযোগ রয়েছে।

আহত মনিরুলের ভাই আনিস দাবি করেন, শুক্রবার মাগরিবের নামাজ শেষে রিশখালী-হিঙ্গারপাড়া জামে মসজিদ থেকে বের হওয়ার সময় লিমন তার ভাইয়ের ওপর হামলা চালান।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। গুরুতর আহত মনিরুল ইসলামকে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে লিমন নামে একজনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, সংঘর্ষে জড়িতরা পরস্পরের চাচাতো ভাই এবং ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।