পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ফল বিক্রেতা নিহত দামুড়হুদায়

0
পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ফল বিক্রেতা নিহত দামুড়হুদায়

চুয়াডাঙ্গা সংবাদদাতা, লোকসমাজ: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে বিরোধের জেরে মধু (৬০) নামে এক ভ্রাম্যমাণ ফল বিক্রেতা ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যার পর বাজারের মুচি বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মধু কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মুচি বটতলা এলাকায় রিকশাভ্যানে করে ফল বিক্রি করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় একটি মোবাইল ফোন কেনাবেচা ও পাওনা টাকা নিয়ে সৃষ্ট বিরোধকে কেন্দ্র করে মধুর সঙ্গে মামুন (৩০) নামে এক সবজি বিক্রেতার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মামুন ধারালো অস্ত্র দিয়ে মধুর বুকে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।

প্রত্যক্ষদর্শী আবু সাইদ জানান, কথাকাটাকাটির একপর্যায়ে অভিযুক্ত মামুন মধুকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে তিনি ক্ষিপ্ত হয়ে মধুর বুকে ছুরিকাঘাত করেন। এতে মধু গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ফল বিক্রেতা নিহত দামুড়হুদায়

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শামসুজ্জোহা জানান, হাসপাতালে আনার আগেই মধুর মৃত্যু হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে তার বুকের ভেতরের প্রধান রক্তনালি কেটে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে এ মৃত্যু ঘটে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, ছুরিকাঘাতে একজনের মৃত্যুর খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।