যশোরে চ্যানেল আই’র টকশো তৃতীয় মাত্রার রেকর্ডিং

0

 

স্টাফ রিপোর্টার ॥ শনিবার যশোর জেলা শিল্পকলা একাডেমিতে চ্যানেল আই’র টকশো ‘তৃতীয় মাত্রা’ রেকর্ডিং হয়েছে। পরিচালক ও উপস্থাপক জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠান রেকর্ডিংকালে যশোর অঞ্চলের রাজনীতি, ব্যবসায়িক অবস্থা, আঞ্চলিক অর্থনীতি, বেসরকারি খাত, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, নারী অধিকার, তরুণদের উন্নয়ন ও রাজনীতিসহ নানা বিষয়ে আলোকপাত করা হয়েছে।
অনুষ্ঠানে মূল পর্বে আলোচক হিসেবে ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী যশোর-৫ আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহাবুব আলম বাচ্চু এবং বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ।
অনুষ্ঠানের শেষ পর্বে যশোরের আঞ্চলিক রাজনীতি, উন্নয়নসহ আগামী নির্বাচন নিয়ে আলোচনায় অংশ নেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আলহাজ মিজানুর রহমান খান ও জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক নারী নেত্রী অর্চনা বিশ্বাস। এসময় দর্শকরা সরাসরি আলোচকদের আঞ্চলিক বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং আলোচকরা তাদের প্রশ্নের জবাব দেন।