ইউপি নির্বাচনে ত্যাগী ও নির্যাতিত নেতাদের মূল্যায়নে গুরুত্ব দিচ্ছে যশোর বিএনপি

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের যোগ্য, ত্যাগী, নির্যাতিত এবং জনপ্রিয়তায় শীর্ষে থাকা নেতাদের মূল্যায়ন করতে চায় বিএনপি। বিশেষ করে ফ্যাসিষ্ট শেখ হাসিনা বিরোধী দীর্ঘ আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা নেতাদের হাতে দলীয় মনোনয়ন তুলে দিতে চায় দলটি।

তবে সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত না থাকা কিংবা বিতর্কিত কাউকে মনোনয়ন দেওয়া হবে না এমন কঠোর হুঁশিয়ারি দলের শীর্ষ নেতাদের।

তারা বলছেন, বিএনপি সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল। দলের কোনো মধ্যে কোনো বিভেদ বিভাজন কিংবা অভ্যন্তরীণ কোন্দল নেই, আছে কেবল নেতৃত্বের প্রতিযোগিতা। সেই নেতৃত্বের প্রতিযোগিতা থেকে সঠিক নেতৃত্বের হাতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন তুলে দিতে চান তারা।

এই লক্ষ্যে যশোরের সদর উপজেলার ১৫টি ইউনিয়ন থেকে দলীয় মনোনয়নে নির্বাচন করতে ইচ্ছুককারীদের জীবনবৃত্তান্তসহ আবেদন নিয়েছে বিএনপি। সদর উপজেলা বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ জানান গত ৭ তারিখ থেকে ৯ তারিখ বিকেল ৫টা পর্যন্ত জেলা বিএনপি কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের জীবনবৃত্তান্তসহ আবেদন সংগ্রহ করা হয়। এতে ১৫টি ইউনিয়ন থেকে ১১১ জন মনোনয়ন প্রত্যাশী তাদের জীবনবৃত্তান্ত জমা দেন।

মনোনয়ন প্রত্যাশীরা রাজনৈতিক জীবন বৃত্তান্ত থেকে শুরু করে রাজনৈতিক মামলার সংখ্যা, মামলার নম্বর ও এজাহারের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি আবেদনপত্রের সাথে যুক্ত করে জমা দেন।

মনোনয়ন প্রত্যাশী দেয়াড়া ইউনিয়নের ইদ্রীস আলী বলেন, বিগত দিনে ফ্যাসিস্ট শেখ হাসিনার রক্ত চক্ষু উপেক্ষা করে অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে রাজপথে ছিলাম। সেই জায়গা থেকে দলের কাছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন চেয়েছি।

এখন দল যে সিদ্ধান্ত নেবে আমি সেই সিদ্ধান্তের প্রতি অবিচল থাকবো। আমার মতো আরও অনেকে মনোনয়ন চেয়েছে, দল যাকে যোগ্য মনে করবে তাকেই মনোনয়ন দেবে।

আমি দলের সিদ্ধান্তে আপোষহীন, দল যাকে যোগ্য মনে করবে আমি তার হয়ে কাজ করবো। দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দলীয় প্রার্থীকে সম্মিলিত প্রচেষ্টায় বিজয়ী করবো ইনশাআল্লাহ।

সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন বলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশনায় নির্বাচন করতে ইচ্ছুক নেতাদের জীবনবৃত্তান্তসহ আবেদন চাওয়া হয়।

বিএনপি একটি সর্ববৃহৎ রাজনৈতিক দল সে কারণে প্রতিটি ইউনিয়নে একাধিক প্রার্থী রয়েছেন। সেখান থেকে যোগ্য ব্যক্তির হাতে দলীয় মনোনয়ন তুলে দিতে এই কাজটি করা হয়েছে।

নির্বাচন করতে ইচ্ছুক নেতাদের রাজনৈতিক জীবন বৃত্তান্ত থেকে শুরু করে রাজনৈতিক মামলার সংখ্যা, মামলার নম্বর ও এজাহারের ফটোকপি নেওয়া হয়েছে। বিশেষ করে দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদের বিরোধী আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা নেতাদের মূল্যায়ন করা হবে। তবে এটাও ঠিক ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সর্বোচ্চ ত্যাগ থাকলেও বিতর্কিত কাউকে মনোনয়ন দেওয়া হবে না। জনগণের সামান্যতম প্রতিপক্ষ হয়েছেন এমন কাউকে মনোনয়ন দেওয়া হবে না।