সুন্দরবনে ১০ জেলে অপহরণ ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

0
ছবি: সংগৃহীত।

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা॥ সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের গহীনে নদীতে মাছ ধরতে গিয়ে অপহরণকারীদের কবলে পড়েছেন ১০ জেলে। মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করেছে বনদস্যু আমির আলী বাহিনী।

রোববার রাত সাড়ে ১১ টার দিকে সুন্দরবনের আগুনজ্বালা ও চালতেবাড়ি খাল থেকে জেলেদের অপহরণ করা হয়। এ সময় জেলেরা নৌকায় ঘুমিয়ে ছিলেন বলে ফিরে আসা ছেলেরা জানান।

অপহৃত জেলেরা হলেন, উপজেলার ডুমুরিয়া গ্রামের রুবেল, ইমরান, খোরশেদ, ছোট ভেটখালী গ্রামের নুরুজ্জামান, কালিঞ্চি গ্রামের সিদ্দিক গাজী, জহর আলী, সিংহরতলী গ্রামের সুরত আলী, কয়রা এলাকার মমিন মন্ডল, দিদারুল ও ইমরান আলী।

স্বজনদের অভিযোগ, গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের আমীর আলী ও দাতিনাখালি গ্রামে আলম সানার নেতৃত্বে বনদস্যুরা জেলেদের অপহরণে জড়িত।

ফিরে আসা জেলেরা নাম প্রকাশ না করার শর্তে জানান, বুড়িগোয়ালিনী বন অফিস থেকে মাছ ধরার অনুমতি নিয়ে তার সুন্দরবনে যান। রোববার দিনের বেলায় মাছ ধরে রাতে খাওয়া শেষে সবাই নৌকায় ঘুমিয়ে পড়েন।

কিছুক্ষণ পর বনদস্যু আমীর আলী বাহিনীর সদস্যরা অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে মুক্তির জন্যে ১০ লাখ টাকা দাবি করে। সাত দিনের মধ্যে মুক্তিপণের টাকা বিকাশে পরিশোধ না করলে জেলেদের হত্যার হুমকি দিয়েছে বনদস্যু বাহিনী। এ ঘটনায় জেলে পরিবার ভীষণ উদ্বিগ্ন।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ শাহিনুর ইসলাম বলেন, জেলে অপহরণের বিষয় শুনেছি। বন বিভাগের পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছে। তবে প্রয়োজনীয় জলযান ও লোকবলের অভাবে এতো বড় এলাকায় সঠিকভাবে অভিযান চালানো অনেক কঠিন।