মোংলায় শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ে আলোচনা সভা

বাল্যবিয়ে ও শিশু নির্যাতন প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

0
মোংলায় শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ে আলোচনা সভা
মোংলায় শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার - লোকসমাজ

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা: শিশুদের অধিকার নিশ্চিতকরণ, বাল্যবিয়ে প্রতিরোধ, শিশু নির্যাতন বন্ধ এবং শিশুদের জন্য নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে মোংলায় শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা কোডেক-এর ‘স্বপ্নযাত্রা’ প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিয়ে নিবন্ধক, সাংবাদিক, শিক্ষাবিদ, ধর্মীয় প্রতিনিধি এবং নাগরিক সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

কোডেকের স্বপ্নযাত্রা প্রকল্পের সমন্বয়কারী সৈয়দ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিশু সুরক্ষার বিভিন্ন চ্যালেঞ্জ, করণীয় এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভা পরিচালনা করেন প্রকল্পের শিশু সুরক্ষা সুপারভাইজার মোতালেব শেখ।

বক্তারা বলেন, শিশুদের প্রতি সহিংসতা, নির্যাতন, বাল্যবিয়ে, শিশুশ্রম ও অনলাইন ঝুঁকি প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে শিশুদের মতামতকে গুরুত্ব দিয়ে তাদের জন্য নিরাপদ, সহায়ক ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করতে হবে।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান, সাংবাদিক নেতা মনিরুল হায়দার ইকবাল, পরিবেশকর্মী নূর আলম শেখ, কোডেকের প্রোগ্রাম অফিসার জাকির হোসেন, সেন্ট পলস ধর্মপল্লীর সহকারী পালক রিপন সরদার, চিলা মনুমিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাফতুন হোসেন মুকুল, শিরিয়া বেগম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল ইসলাম, বিয়ে নিবন্ধক জুনকার নাইন এবং মসজিদ কমিটির সদস্য ইলিয়াস মোড়লসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভায় শিশুদের অধিকার রক্ষা ও সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।