যাত্রাবাড়ী, মহাখালী ও মালিবাগসহ ঢাকার ৪ পয়েন্টে ককটেল বিস্ফোরণ

0
রাজধানীর যাত্রাবাড়ী থানার প্রধান ফটক ও ট্রাফিক পুলিশ বক্সের সামনে পরপর ককটেল বিস্ফোরণে এক অটোরিকশাচালক আহত হয়েছেন। দিনভর মহাখালী, মালিবাগসহ একাধিক এলাকায় একই রকম ককটেল বিস্ফোরণের ঘটনায় তদন্ত চালাচ্ছে পুলিশ।। ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী থানার প্রধান ফটক ও সংলগ্ন এলাকায় পরপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন অটোরিকশাচালক আহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে প্রথম বিস্ফোরণটি ঘটে। এর কিছুক্ষণ পর কাছেই যাত্রাবাড়ী চৌরাস্তার ট্রাফিক পুলিশ বক্সের সামনে আরও তিনটি ককটেল বিস্ফোরিত হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভ্যন্তরীণ প্রতিবেদন অনুযায়ী, সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে থানার সামনে এবং ৭টা ৩৫ মিনিটে চৌরাস্তা এলাকায় বিস্ফোরণগুলো ঘটে। প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে পুলিশ ধারণা করছে, ফ্লাইওভারের উপর থেকে ককটেলগুলো নিচে নিক্ষেপ করা হতে পারে। আহত অটোরিকশাচালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু।

যাত্রাবাড়ী থানায় কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) মো. হাসানুর জানান, থানার প্রধান ফটকের সামনে হঠাৎ বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। ঘটনার পেছনে কারা জড়িত সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি খতিয়ে দেখছেন এবং তদন্ত কার্যক্রম পরিচালনা করছেন।

উল্লেখ্য, একই দিনে দুপুরে জুমার নামাজের পর থেকে রাজধানীর আরও তিনটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। দুপুরবেলা মালিবাগের সোহাগ বাস কাউন্টারের সামনে দুটি, সন্ধ্যা সোয়া ৬টার দিকে আগারগাঁওয়ে বেতার ভবনের সামনে একটি এবং সাড়ে ৬টার দিকে মহাখালী এলাকায় একটি ককটেল বিস্ফোরিত হয়। পুলিশ জানায়, মালিবাগ ও মহাখালী এলাকাতেও ফ্লাইওভার থেকে নিচে ককটেল ছোড়া হয়েছিল।

এর আগে গত মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। সেই রায়ের কয়েক ঘণ্টার মাথায় সুপ্রিম কোর্টের প্রধান ফটক এবং রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।