আট দফা যেকােনো সময় এক দফা হতে পারে: শফিকুর রহমান

0
মানিক মিয়া অ্যাভিনিউতে ১১-দলীয় ঐক্যের রংপুরমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য রাখছেন জামায়াত আমির শফিকুর রহমান।। ছবি: সংগৃহীত

বিরোধী দলের আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতের আমির শফিকুর রহমান। দাবি না মেনে চোখরাঙানি দিলে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হবে উল্লেখ করে সাম্প্রতিক অতীত থেকে শিক্ষা নিয়ে সরকারকে জনদাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ১১–দলীয় ঐক্যের রংপুরমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশে জামায়াত আমির এসব কথা বলেন। তিনি স্পষ্ট করেন, তারা কোনো দলীয় স্বার্থে নয়, বরং ১৮ কোটি মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে মাঠে নেমেছেন। চট্টগ্রামমুখী লংমার্চ সফল হওয়ার পর রাজধানীতে বিভিন্ন আলামত দেখা যাচ্ছে উল্লেখ করে তিনি সরকারকে হতাশ না হয়ে শান্তিপূর্ণভাবে দাবি মেনে নেওয়ার পরামর্শ দেন।

এর আগে গত ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখী লংমার্চে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-জ্বালানি-গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপণ্যের দাম কমানো, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দলীয়করণ বন্ধের ৬ দফা দাবি তুলে ধরা হয়েছিল। আজকের রংপুরমুখী লংমার্চে নতুন করে যুক্ত হয়েছে দুর্নীতি, দখলবাজি ও চাঁদাবাজি বন্ধ এবং উত্তরবঙ্গের দীর্ঘদিনের আঞ্চলিক দাবি ‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন’। ফলে বর্তমানে দাবি দাঁড়িয়েছে আট দফায়।

উদ্বোধনী সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ লংমার্চকে শান্তিপূর্ণ ও জনদাবি আদায়ের ঐক্যবদ্ধ সংগ্রাম হিসেবে অভিহিত করেন। লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, দেশকে সঠিক পথে আনতেই এই কর্মসূচি। অন্যদিকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করলে বিএনপি ইতিহাসে বিশ্বাসঘাতক দল হিসেবে চিহ্নিত হবে এবং জনতার স্রোতে ভেসে যাবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুসহ জোটের শীর্ষ নেতারা সমাবেশে বক্তব্য দেন। পূর্বঘোষণা অনুযায়ী, রংপুরের পর আগামী ৩১ অক্টোবর খুলনা এবং ২১ নভেম্বর সিলেট অভিমুখে লংমার্চ পরিচালনা করবে জোটটি। চার অঞ্চলের কর্মসূচি শেষে ঢাকায় বড় সমাবেশের মধ্য দিয়ে জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কারে সরকারকে চাপে রাখার পরিকল্পনা রয়েছে তাদের।