জেডএফসি-২ এ আন্তর্জাতিক ফাইটারদের চ্যালেঞ্জ, মুয়ে থাই ও বক্সিংয়ে উজ্জ্বল বাংলাদেশের যোদ্ধারা

0
জেডএফসি-২ এ আন্তর্জাতিক ফাইটারদের চ্যালেঞ্জ
জেডএফসি বক্সিং চ্যাম্পিয়নশিপে ইন্দোনেশিয়ার কুন্দিমাংকে হারিয়ে জয় পান বাংলাদেশের সুরা কৃষ্ণ চাকমা- লোকসমাজ

স্পোর্টস ডেস্ক, লোকসমাজ: রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর এরিনায় অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক কমব্যাট স্পোর্টস প্রতিযোগিতা ‘জুলকান ফাইটিং চ্যাম্পিয়নশিপ (জেডএফসি) ২: প্রাইড অব বাংলাদেশ’। তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) আয়োজনে অনুষ্ঠিত এই আসরে মুয়ে থাই, বক্সিং, মিক্সড মার্শাল আর্টস (এমএমএ) এবং বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বেয়ার-নাকল বক্সিংয়ের লড়াই অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় আন্তর্জাতিক অঙ্গনের অভিজ্ঞ ফাইটারদের পাশাপাশি বাংলাদেশের তরুণ ও উদীয়মান অ্যাথলেটরাও অংশ নেন। পাঁচটি মূল শিরোপার পাশাপাশি অনুষ্ঠিত হয় বেশ কয়েকটি আন্তর্জাতিক বাউট।

জেডএফসি-২ এ আন্তর্জাতিক ফাইটারদের চ্যালেঞ্জআয়োজনের অন্যতম আকর্ষণ ছিল গ্লাভস ছাড়া বক্সিং বা বেয়ার-নাকল বক্সিং। বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত এই বিশেষ লড়াইয়ে মুখোমুখি হন যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত ফাইটার উইল চপ ও ইরানের মোস্তফা আশৌরি। তিন রাউন্ডের রোমাঞ্চকর প্রতিদ্বন্দ্বিতার পর বিজয়ী হন উইল চপ।

আয়োজকদের মতে, বেয়ার-নাকল বক্সিংয়ের অন্তর্ভুক্তি বাংলাদেশের কমব্যাট স্পোর্টসে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।

জেডএফসি মুয়ে থাই চ্যাম্পিয়নশিপে মালয়েশিয়ার এরওয়ান্ডি কালাইকে হারিয়ে শিরোপা জেতেন বাংলাদেশের মুহাম্মদ রাশেদ। অন্য এক আন্তর্জাতিক বাউটে ফিলিপাইনের ফিলিপাস রাঙ্গাকে পরাজিত করে জয় তুলে নেন বাংলাদেশের মনজুর আলম।

ডব্লিউএমও এশিয়া মুয়ে থাই চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মসজিদুল রেজা ওমি থাইল্যান্ডের থানাপাত তিথামকে পরাজিত করে শিরোপা জয় করেন। জেডএফসি বক্সিং চ্যাম্পিয়নশিপে ইন্দোনেশিয়ার কুন্দিমাংকে হারিয়ে বিজয়ী হন বাংলাদেশের সুরা কৃষ্ণ চাকমা। তবে আরেক বাউটে বাংলাদেশের সিরাজুল রাব্বিকে হারান সিঙ্গাপুরের শন রাফায়েল সানি।

প্রতিযোগিতা উপভোগ করতে গ্যালারিতে উপস্থিত ছিলেন তানভীর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান এবং সানভীর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমিল আহমেদ সোবহান। তাঁরা দর্শকদের সঙ্গে বসে বিভিন্ন বাউট উপভোগ করেন।

আয়োজন ঘিরে তারকাদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর অভিনয়শিল্পী জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষি আলম ও মুসাফির সাঈদ বাচ্চুর পাশাপাশি উপস্থিত ছিলেন নাটকটির পরিচালক কাজল আরেফিন অমি।

এ ছাড়া অভিনেত্রী তাসনিয়া ফারিণ, সংগীতশিল্পী জেফার রহমান, উপস্থাপক রাফসান শাবাব এবং দেশের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সাররাও গ্যালারিতে উপস্থিত থেকে লড়াইগুলো উপভোগ করেন।

জেডএফসি-২ এ আন্তর্জাতিক ফাইটারদের চ্যালেঞ্জউল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে ‘জেডএফসি ১: দ্য টেকওভার’ আয়োজনের মধ্য দিয়ে জুলকান ফাইটিং চ্যাম্পিয়নশিপের আন্তর্জাতিক যাত্রা শুরু হয়। দ্বিতীয় আসরের মাধ্যমে বাংলাদেশের কমব্যাট স্পোর্টসের পরিধি আরও বিস্তৃত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আয়োজকদের প্রত্যাশা, বসুন্ধরা স্পোর্টস সিটিকে কেন্দ্র করে এ ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা দেশের ফাইটারদের পেশাদার পর্যায়ে নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ বাড়াবে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কমব্যাট স্পোর্টস অ্যাথলেটদের অংশগ্রহণ আরও শক্তিশালী হবে।