রিয়াদে বিমান হামলার সতর্কবার্তা জারির পরপরই বিকট বিস্ফোরণ

0
সৌদি আরবের রাজধানী রিয়াদে ভোররাতে জরুরি সতর্কবার্তা জারির পরপরই একাধিক বিকট বিস্ফোরণ ঘটেছে। এর মধ্য দিয়ে বাব আল-মানদেব প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে চলা ইয়েমেন সংঘাত নতুন রূপ নিলো।। ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদে আজ শনিবার ভোররাতে (শুক্রবার দিবাগত রাত তিনটা) একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সৌদি কর্তৃপক্ষ রাজধানীতে জরুরি বিমান হামলার সতর্কবার্তা জারির পরপরই এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। এএফপির সাংবাদিকদের বরাত দিয়ে বিষয়টি জানা গেলেও এতে তাৎক্ষণিকভাবে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা পরিষ্কার করা হয়নি।

গতকাল দিবাগত রাত তিনটার কিছু আগে রিয়াদের অধিবাসীদের মুঠোফোনে জরুরি বার্তা পাঠানো হয়। এতে জানানো হয়, পুরো এলাকা শত্রুভাবাপন্ন দেশের বিমান, ড্রোন কিংবা ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকির মুখে রয়েছে। ওই সময় নাগরিকদের নিরাপত্তার স্বার্থে ঘরের ভেতর অবস্থানের জরুরি নির্দেশনা দেওয়া হয়। সতর্কবার্তা জারির কিছুক্ষণ পরই দুটি বিকট বিস্ফোরণ ঘটে এবং এর প্রায় আধা ঘণ্টা পর হামলার ঝুঁকি কমে এলে ওই সতর্কবার্তা প্রত্যাহার করা হয়।

ইয়েমেনে গত জুলাই মাসে সংঘাত তীব্র হওয়ার পর এই প্রথম সৌদি আরবের রাজধানী রিয়াদ সরাসরি কোনো হামলার লক্ষ্যবস্তু হলো। ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বর্তমানে সৌদি আরবে নিয়মিত হামলা চালিয়ে আসছে। চলতি মাসে লোহিত সাগরের ইয়েমেন উপকূল নিজেদের দখলে নিতে আকস্মিক অভিযান শুরু করায় কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালির নিয়ন্ত্রণ কার্যত হুতিদের হাতে চলে গেছে।

সৌদি আরব তাদের মূল জ্বালানি তেল রপ্তানি কার্যক্রম সচল রাখতে এতদিন বাব আল-মানদেব জলপথ ব্যবহার করে আসছিল। তবে হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করায় দেশটি তেল রপ্তানিতে চরম সংকটে পড়েছে। সামুদ্রিক জাহাজ চলাচলের তথ্যদাতা প্রতিষ্ঠান কেপলার জানায়, জুলাই থেকে ওই প্রণালি দিয়ে সৌদির তেল পরিবহনে বড় ধস নেমেছে, যদিও গত সপ্তাহে পাঁচটি জাহাজ ওই জলপথ অতিক্রম করে। হুতিরা জানিয়েছে, সৌদি ছাড়া অন্য দেশের বাণিজ্যিক জাহাজের জন্য এই আন্তর্জাতিক জলসীমা উন্মুক্ত থাকবে।

এদিকে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। জাতিসংঘের তথ্যানুযায়ী, সংঘাতের মুখে ইয়েমেনে ইতোমধ্যে ১ লাখ ১২ হাজারের বেশি মানুষ নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া জীবন বাঁচাতে আরও অন্তত তিন হাজার মানুষ সমুদ্র পাড়ি দিয়ে প্রতিবেশী দেশ জিবুতিতে আশ্রয় নিয়েছেন।