মির্জাপুর কলেজে চালু হচ্ছে আব্দুল বারী শিক্ষাবৃত্তি

0

 

খাজুরা (যশোর) সংবাদদাতা॥ বাঘারপাড়ার মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠাতা প্রয়াত আব্দুল বারী মন্ডলের নামে শিক্ষাবৃত্তি চালু করা হচ্ছে। সোমবার তার ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সকালে উপজেলার ভাটারআমতলায় কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত স্মরণসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন অধ্যক্ষ তরিকুল ইসলাম।
এরআগে বন্দবিলা ইউনিয়নের প্রেমচারায় বারী মন্ডলের করব জিয়ারত করেন শিক্ষক-কর্মচারীরা। সহকারী অধ্যাপক আবু সাঈদের সঞ্চালনায় স্মরণসভায় বক্তৃতা করেন, কলেজ প্রতিষ্ঠাতার মেজ ছেলে ও সাবেক ইউপি চেয়ারম্যান শওকত হোসেন মন্ডল, প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সদস্য ও বিএনপি নেতা আনোয়ার হোসেন ভূট্টো, সহকারী অধ্যাপক নাসরিন আখতার, রুহুল কুদ্দুস ও মোস্তফা কামাল। দোয়া মাহফিল পরিচালনা করেন ভাটারআমতলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা জাবের হুসাইন।
১৯৯৮ সালে বন্দবিলা ইউনিয়নের তিনবারের চেয়ারম্যান আব্দুল বারী মন্ডল মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করেন। নানা প্রতিকূলতা পেরিয়ে ২০১৯ সাল থেকে একাধিকার কলেজটি উপজেলার শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয়। বর্তমানে শিক্ষার্থী সংখ্যা ৭শ-র বেশি। খাজুরায় অবস্থিত এ কলেজে ২০২০ সাল থেকে নাহেদী আক্তার জাহেদী শিক্ষাবৃত্তি চালু রয়েছে। প্রতি তিনমাস পর ১২৫ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়।