ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী তারেক রহমান

0
রাজধানীতে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে 'জুলাই ৩৬' শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।। ছবি: সংগৃহীত
আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আন্দোলনের হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের উদ্দেশ্য করে তিনি বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার স্বার্থেই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি বলে মনে করে বর্তমান সরকার।

বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলানগরে অবস্থিত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন শেষে ‘জুলাই ৩৬’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বড় ঘোষণা দিয়ে জানান, বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যেসব মানুষ শহীদ হয়েছেন এবং গুম ও খুনের শিকার হয়েছেন, তাঁদের স্মরণে এবং সম্মান জানাতে নিজেদের এলাকায় যেকোনো একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।

নবউদ্বোধিত জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান গুরুত্বারোপ করে বলেন, “দেশের গণতন্ত্রকামী জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। ২০২৪ সালের গণ-অভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ।”

একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্বের তুলনা টেনে প্রধানমন্ত্রী বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের। আর ২০২৪ সালের গণ-অভ্যুত্থান ছিল দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার। একাত্তরের মুক্তিযোদ্ধাদের মানুষ যেমন ভুলে যায়নি, একইভাবে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের শহীদদেরকেও জনগণ কখনোই ভুলবে না।”