বাউবি ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন, শিক্ষা কার্যক্রম উন্নয়নে দিকনির্দেশনা

0
বাউবি ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শনকালে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন। এ সময় বিশেষ অতিথি প্রফেসর ড. মোহাম্মদ জহির রায়হান ও আঞ্চলিক পরিচালক সেখ সোহেল আহমেদ উপস্থিত ছিলেন- লোকসমাজ

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন উপলক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভায় অংশ নিয়েছেন। সভায় শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, শিক্ষার্থীসেবা সম্প্রসারণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানের শুরুতে যশোর আঞ্চলিক কেন্দ্রের পক্ষ থেকে ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি প্রফেসর ড. মোহাম্মদ জহির রায়হান, পরিচালক (আইকিউএসি), স্কুল অব বিজনেস-কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ জহির রায়হান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক সেখ সোহেল আহমেদ।

সভায় যশোর আঞ্চলিক কেন্দ্রের সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। এ সময় তারা পর্যায়ক্রমে নিজেদের পরিচয় তুলে ধরেন এবং নিজ নিজ দায়িত্ব ও কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্তভাবে অবহিত করেন। ট্রেজারার তাদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং শিক্ষা কার্যক্রমকে আরও কার্যকর ও শিক্ষার্থীবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের সেবার পরিধি সম্প্রসারণে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষপর্বে যশোর আঞ্চলিক কেন্দ্র থেকে প্রকাশিত ‘আলোকবর্তিকা’ প্রকাশনাটি শুভেচ্ছা স্মারক হিসেবে ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি প্রফেসর ড. মোহাম্মদ জহির রায়হানের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।

অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের মতবিনিময় সভা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল, মানসম্মত ও শিক্ষার্থীবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।