প্রথমবারের মতো দেশব্যাপী নৌযান শুমারি ২০২৬, প্রাথমিক তথ্যে মিলেছে ২ লাখ ৪৪ হাজার নৌযান

0
দেশব্যাপী নৌযান শুমারি ২০২৬ প্রাথমিক তথ্যে ২.৪৪ লাখ নৌযান

খুলনা ব্যুরো: দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমানায় চলাচলকারী ইঞ্জিনচালিত নৌযানের সঠিক সংখ্যা, ধরন ও কাঠামোগত বৈশিষ্ট্যসংক্রান্ত কোনো সমন্বিত ডাটাবেইজ না থাকায় প্রথমবারের মতো দেশব্যাপী নৌযান শুমারি ২০২৬ পরিচালনা করতে যাচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও নৌপরিবহন অধিদপ্তর।

এ উপলক্ষে সোমবার দুপুরে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে নৌযান শুমারি ২০২৬ বিষয়ক অংশীজন অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ মঞ্জুর মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিভাগীয় পরিসংখ্যান অধিদপ্তরের যুগ্ম পরিচালক মো. আব্দুল আলীম।

সেমিনারে জানানো হয়, প্রাথমিক নৌযান শুমারিতে সারাদেশে ২ লাখ ৪৪ হাজার ৮০৮টি নৌযানের তথ্য সংগ্রহ করা হয়েছে। এই শুমারির মাধ্যমে দেশের জলপথে চলাচলকারী নৌযানের একটি পূর্ণাঙ্গ ও নির্ভরযোগ্য তথ্যভান্ডার তৈরি করা সম্ভব হবে।

বক্তারা বলেন, নৌযান শুমারির মাধ্যমে প্রাপ্ত ডাটাবেইজ নৌপরিবহন খাতের আধুনিকায়ন, নৌযানের নিরাপত্তা নিশ্চিতকরণ, নৌ-দুর্ঘটনা হ্রাস এবং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ নাবিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে নৌযান ব্যবস্থাপনা, নীতিনির্ধারণ ও উন্নয়ন পরিকল্পনা গ্রহণেও এ তথ্যভান্ডার কার্যকর হবে।

সেমিনারে আরও জানানো হয়, নৌযান শুমারি ২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও নৌপরিবহন অধিদপ্তরের মধ্যে গত বছরের ২১ আগস্ট একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এর ধারাবাহিকতায় সারাদেশে নৌযানসংক্রান্ত তথ্য সংগ্রহ ও ডাটাবেইজ প্রণয়নের কার্যক্রম পরিচালিত হচ্ছে।