মনিরামপুরে মাদকবিরোধী অভিযান ৬২ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেট, ও কফ সিরাপ উদ্ধার

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোরের মনিরামপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট, কফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এ সময় একটি মিনি পিকআপ জব্দ এবং একজনকে আটক করা হয়েছে।

জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার দিবাগত রাত ১টার দিকে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদের নেতৃত্বে পুলিশের একটি দল ঝাঁপা ইউনিয়নের ডুমুরখালী-রাজগঞ্জ সড়কের কোমলপুর বাজার এলাকায় বিশেষ চেকপোস্ট বসায়।

এ সময় একটি মিনি পিকআপকে থামার সংকেত দেওয়া হলে চালক ফারুক হোসেন জুয়েল (৩৯) গাড়িটি থামান।

পরে তল্লাশি চালিয়ে চালকের আসনের পেছনে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০ বোতল উইনসেরেক্স কফ সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় ফারুক হোসেন জুয়েলকে আটক এবং মিনি পিকআপটি জব্দ করা হয়।

আটক ফারুক হোসেন জুয়েল সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার শ্রীপতিপুর গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকদ্রব্যের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।